নদীর জীববৈচিত্র্য সংরক্ষণ, দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি এবং ব্রহ্মপুত্র নদের পরিবেশগত ভারসাম্য রক্ষার লক্ষ্যে ময়মনসিংহ নাগরিক সমাজ (মনাস)-এর উদ্যোগে বুধবার বিকেলে ব্রহ্মপুত্র ভ্যালীর বিপরীতে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ সাইফুর রহমান, জেলা প্রশাসক, ময়মনসিংহ। সভাপতিত্ব করেন কথাসাহিত্যিক সালিম হাসান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরাফাত উদ্দিন আহম্মেদ, জেলা মৎস্য কর্মকর্তা, ময়মনসিংহ। অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ময়মনসিংহ নাগরিক সমাজ (মনাস) এর যুগ্ম আহ্বায়ক সাংবাদিক সাইফুল ইসলাম, সদস্য সচিব শামসুদ্দোহা মাসুম এবং যুগ্ম সদস্য সচিব তৌহিদুজ্জামান ছোটন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক জনাব মোঃ সাইফুর রহমান বলেন, “নদী আমাদের প্রাকৃতিক সম্পদের অন্যতম প্রধান উৎস। নদীতে দেশীয় মাছের পোনা অবমুক্তকরণ শুধু মাছের উৎপাদনই বাড়াবে না, বরং জীববৈচিত্র্য সংরক্ষণ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগে নাগরিক সমাজের সম্পৃক্ততা অত্যন্ত প্রশংসনীয়।”

সভাপতির বক্তব্যে কথাসাহিত্যিক সালিম হাসান বলেন, “ব্রহ্মপুত্র আমাদের ঐতিহ্য ও জীবনের অংশ। নদীকে রক্ষা করা এবং দেশীয় মাছের প্রজাতি সংরক্ষণ করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। ময়মনসিংহ নাগরিক সমাজ ভবিষ্যতেও পরিবেশ ও জনস্বার্থে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।”

বিশেষ অতিথি আরাফাত উদ্দিন আহম্মেদ বলেন, “দেশীয় মাছের প্রজনন ও প্রাকৃতিক মজুদ বৃদ্ধিতে নিয়মিত পোনা অবমুক্তকরণ অত্যন্ত কার্যকর। সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক সংগঠনগুলোর অংশগ্রহণ টেকসই মৎস্যসম্পদ ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।”

অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ, পরিবেশপ্রেমী, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও সাধারণ মানুষের অংশগ্রহণে ব্রহ্মপুত্র নদে দেশীয় বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। অংশগ্রহণকারীরা নদী ও পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম নিয়মিত আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব আসাদুজ্জামান, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কাইয়ুম।







