জামালপুরের বকশীগঞ্জের গারো পাহাড়ে লাকড়ি কুড়াতে গিয়ে বন্য হাতির আক্রমণে জয়নাল আবেদীন (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
শনিবার (২৭ জুন) সকালে ধানুয়া কামালপুর ইউনিয়নের গারো পাহাড়ের সোমনাথ পাড়া এলাকায় জঙ্গল থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত জয়নাল স্থানীয় মির্ধাপাড়া এলাকার মরহুম রমিজ মিয়ার ছেলে।
স্থানীয়রা জানায়, এর আগে শুক্রবার সকালে পাহাড়ে লাকড়ি সংগ্রহের জন্য বাড়ি থেকে বের হন জয়নাল আবেদীন। সন্ধ্যায় বাড়ি না ফেরায় বাড়ির লোকজন খোঁজাখুঁজি করতে থাকে। রাতে তাকে না পেয়ে শনিবার সকালে আবার খোঁজাখুঁজি করতে বের হন বাড়ির লোকজন ও স্বজনরা। পরে পাহাড়ের সোমনাথ পাড়া এলাকার জঙ্গল থেকে থেতলানো লাশ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে রাতে বন্য হাতির আক্রমণে তার মৃত্যু হয়।
ধানুয়া কামালপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাপ জামাল বলেন, ‘ভারত থেকে কাঁটাতার পেরিয়ে আসা বন্য হাতির আক্রমণে জয়নাল আবেদীনের মৃত্যু হয়েছে।’
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মকবুল হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের সাথে কথা বলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।





