জামালপুরের বকশীগঞ্জ উপজেলার রামরামপুর সীমান্তে এক ব্যক্তিকে পুশইনের চেষ্টাকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। প্রায় ৩০ মিনিটের পতাকা বৈঠকেও কোনো সমাধান না হওয়ায় সীমান্তে অবস্থান নিয়েছে বিজিবি ও স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (১০ জুন) ভোর ৫টার দিকে রামরামপুর সীমান্তে ৬০ বছর বয়সি এক ব্যক্তিকে জোরপূর্বক বাংলাদেশে পুশইনের চেষ্টা চালায় ভারতের নন্দীরচর বিএসএফ ক্যাম্পের সদস্যরা। বিষয়টি টের পেয়ে জামালপুর ৩৫ বিজিবির সদস্যরা এবং স্থানীয় এলাকাবাসী বাধা দিলে ওই ব্যক্তি নো-ম্যান্স ল্যান্ডে অবস্থান নেন।
এ ঘটনায় সীমান্তে উত্তেজনা দেখা দিলে সকাল সাড়ে ১০টার দিকে জামালপুর ৩৫ বিজিবির সহকারী পরিচালক ও ভারতের নন্দীরচর বিএসএফ ক্যাম্পের এক পরিদর্শকের নেতৃত্বে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। তবে বৈঠকে বিএসএফ ওই ব্যক্তিকে ফেরত না নিয়ে নো-ম্যান্স ল্যান্ডেই রেখে চলে যায়। ফলে সমাধান না হওয়ায় সীমান্তে নতুন করে উত্তেজনা দেখা দেয়।
বিএসএফ বারবার ওই ব্যক্তিকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করলেও বিজিবি ও স্থানীয়দের প্রতিরোধের মুখে তা সম্ভব হয়নি। বর্তমানে তিনি নো-ম্যান্স ল্যান্ডেই অবস্থান করছেন। বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান। তিনি বলেন, পুশইন ঠেকাতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।





