তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি বলেছেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ আজ এক নতুন দিগন্তে এগিয়ে যাচ্ছে।’ নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে বর্তমান সরকার সম্পূর্ণ বদ্ধপরিকর এবং ইতিমধ্যে সরকারের অনেক উন্নয়নমূলক কর্মকাণ্ড দৃশ্যমান হতে শুরু করেছে বলেও মন্তব্য করেন তিনি। দেশের সামগ্রিক উন্নয়ন ও অগ্রযাত্রাকে আরও বেগবান করতে দলমত নির্বিশেষে সবাইকে সরকারের পাশে এসে সহযোগিতা করার আহ্বানও জানান তিনি। তিনি আরো বলেন, একটি বিশেষ মহলের ‘বিরোধিতার খাতিরে বিরোধিতা’ করার নেতিবাচক রাজনৈতিক মনোভাবের প্রতি দেশবাসীকে সতর্ক থাকতে হবে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নির্বাচনী এলাকা ময়মনসিংহের নান্দাইলে আয়োজিত এক বর্ণাঢ্য র্যালি পরবর্তী বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর নেতৃত্বে নান্দাইলে এক অভূতপূর্ব জাগরণ সৃষ্টি হয়। বিকেল ৩টা থেকেই নান্দাইল পৌরসভাসহ উপজেলার ১৩টি ইউনিয়ন থেকে হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠিয়াবাড়ি খেলা ও ঢাকঢোল পিটিয়ে বর্ণাঢ্য মিছিলে মিছিলে রাজপথ প্রকম্পিত করে তোলেন। ‘শুভ শুভ শুভ দিন, বিএনপির জন্মদিন’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো উপজেলা সদর। বর্ণাঢ্য মিছিলটি নান্দাইল পৌরসভা কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে উপজেলা সদর কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন জনসভাস্থলে এসে শেষ হয়। এ সময় হঠাৎ বৃষ্টি শুরু হলে কাকভেজা হয়ে হাজারো নেতাকর্মী সমাবেশস্থলে অবস্থান করেন।
প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী একটি ট্রাকের ওপর অস্থায়ী মঞ্চে দাঁড়িয়ে মুষলধারে বৃষ্টির মধ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, ‘বিএনপি জনগণের দল, মাটি ও মানুষের দল। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের সৈনিক, দেশনায়ক তারেক রহমানের সৈনিক। বিএনপির একজন কর্মী হিসেবে আমরা গর্বিত।’
তথ্য প্রতিমন্ত্রী আরও বলেন, ‘নান্দাইলে বিএনপির আজকের এই মিছিল এক স্মরণীয় ইতিহাস সৃষ্টি করেছে। জনগণ আমাদের পাশে আছে বলেই রাজপথে আজ মানুষের ঢল নেমেছে। আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসের রাজত্ব বাংলাদেশে আর কায়েম করতে দেওয়া হবে না। আমরা নান্দাইল থেকে সন্ত্রাসীদের উৎখাত করতে সক্ষম হয়েছি। আপনাদের ভোটে আমরা নির্বাচিত হয়েছি, আাপনারা উন্নয়নে শরীক হয়েছেন। ইনশাআল্লাহ নান্দাইলের প্রতিটি উন্নয়নের প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে গড়ে তোলা হবে ‘আধুনিক বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ’।’
.jpg)
নান্দাইলের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের চিত্র তুলে ধরে তথ্য প্রতিমন্ত্রী বলেন, ‘নান্দাইলে ইতিমধ্যে ভাঙাচোরা রাস্তাঘাট সংস্কার ও নতুন নতুন কাজ শুরু হয়েছে। পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আধুনিক অবকাঠামো গড়ে তোলা হচ্ছে। এলাকার অসহায়, হতদরিদ্র ও বিশেষ করে গৃহহীন মানুষদের জন্য নতুন ঘর নির্মাণ করে পুনর্বাসনের ব্যবস্থা করা হচ্ছে।’ তিনি আরও বলেন, সরকারের এই কয়েক মাসের কার্যক্রমে সম্পূর্ণ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নেওয়া হচ্ছে।”
প্রধানমন্ত্রীর প্রশংসা করে তিনি বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে দেশ আজ এক নতুন দিগন্তে এগিয়ে যাচ্ছে। এই নান্দাইলে আমরা যেভাবে বিদ্যুতের অভূতপূর্ব উন্নয়ন সাধন করেছি, ঠিক একইভাবে সুষম উন্নয়নের এই ধারা এখন পর্যায়ক্রমে সারা দেশেই ছড়িয়ে দেওয়া হবে।”সমাবেশে স্থানীয় উপজেলা ও ইউনিয়ন বিএনপির শীর্ষ নেতৃবৃন্দসহ সর্বস্তরের অঙ্গ-সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।







