বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধোবাউড়া উপজেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, “বিএনপির ৪৮ বছরের ইতিহাস স্বৈরাচার ও ফ্যাসিবাদের ধ্বংসস্তূপের ওপর গণতন্ত্র, উন্নয়ন ও জাতীয়তাবাদ প্রতিষ্ঠার মহাকাব্য।”
তিনি বলেন, জনকল্যাণই বিএনপির লক্ষ্য। জনগণই বিএনপির ক্ষমতার উৎস। দেশি-বিদেশি অশুভ শক্তি আধিপত্য বিস্তারের জন্য বারবার বিএনপিকে ধ্বংস করতে চাইলেও জনগণের সমর্থন ও ভালোবাসায় সিক্ত বিএনপি আজ অবিনাশী শক্তিতে পরিণত হয়েছে। শহীদ জিয়ার আদর্শে, বেগম খালেদা জিয়ার অনুপ্রেরণায় তারেক রহমানের নেতৃত্বে বিএনপি দেশপ্রেমিক জাতীয়তাবাদী শক্তির অপ্রতিরোধ্য ও অজেয় শক্তিতে পরিণত হয়েছে।

আলোচনা সভায় তিনি বলেন, বিএনপির রাজনীতির কেন্দ্রবিন্দুতে রয়েছে জনগণ। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষার পাশাপাশি অর্থনৈতিক উন্নয়নের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া বিএনপির রাজনীতির মূল উদ্দেশ্য ।
সরকারী কর্মকর্তা কর্মচারীদের নতুন পে-স্কেল অনুমোদনের কথা উল্লেখ করে প্রিন্স বলেন, শুধু সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নয়, সাধারণ জনগণের আয়-রোজগার বৃদ্ধিতেও কাজ করছে সরকার। জনগণের জীবনমানের উন্নয়ন, মানুষের আয়-রোজগার বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক স্বস্তি নিশ্চিত করাই বিএনপি সরকারের অন্যতম প্রধান দায়িত্ব।
তিনি সকলের প্রতি ধৈর্য্য এবং সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়ে বলেন, আওয়ামী ফ্যাসিবাদ অর্থনীতি ,প্রশাসন, রাজনীতি , রাষ্ট্র ব্যবস্থা তছনছ করে গেছে। ফ্যাসিবাদের ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে তারেক রহমানকে সব পূণর্গঠন করতে হচ্ছে। বিদ্যুৎ, জ্বালানি সমস্যার কথা উল্লেখ করে তিনি বলেন, বৈশ্বিক সঙ্কট এবং এই সেক্টরে আওয়ামী লীগের দুর্নীতি, লুটপাটের কারণে এই সমস্যা। বিএনপি সরকার কোনো অজুহাত দেখিয়ে সমস্যা আড়াল করতে চায় না। বিএনপি সরকার আপ্রাণ চেষ্টা করছে সমস্যা সমাধানে। অথচ বিরোধী দল ছয় মাস বয়সী বিএনপি সরকারকে বিদ্যুৎ জ্বালানি সমস্যার জন্য দায়ী করে লংমার্চ কর্মসূচি দিয়েছে। বিরোধী দলের লংমার্চ কর্মসূচি জনদূর্ভোগ আরো বৃদ্ধি করবে। জ্বালানি সঙ্কটের মধ্যে শত শত গাড়িতে হাজার হাজার লিটার তেল-গ্যাস ব্যবহার করে লংমার্চ সঙ্কট আরো বৃদ্ধি করতে পারে এবং তা অবিবেচনা প্রসূত ও হঠকারী। তিনি বিরোধী দলের প্রতি অবিবেচনা প্রসূত হঠকারী কর্মসূচি প্রত্যাহার করে জনদূর্ভোগ সৃষ্টি না করারও আহ্বান জানান।

প্রিন্স দলীয় নেতাকর্মীদের সার নিয়ে যেকোনো ধরনের ষড়যন্ত্র ও কারসাজির বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেছেন, কোনোভাবেই যাতে কৃত্রিম সার সংকট তৈরি, অতিরিক্ত দামে সার বিক্রি, মজুতদারি কিংবা প্রকৃত কৃষকদের বঞ্চিত করার সুযোগ কেউ না পায়, সেদিকে সবাইকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। কৃষকের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সার বিতরণ কার্যক্রমে সহযোগিতা করার জন্য তিনি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন পর্যাপ্ত সার মজুদ আছে। সরকার নির্ধারিত মূল্যের বেশী মূল্যে কেউ সার বিক্রি করলে প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে।
ধোবাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আজহারুল ইসলাম কাজল এর সভাপতিত্বে ও সদস্য সচিব আনিসুর রহমান মানিক এর সঞ্চালনায় আজ বিকেলে ধোবাউড়া বাজারে অনুষ্ঠিত সভায় সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মফিজ উদ্দিন,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল কাদের, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোয়াজ্জেম হোসেন খান লিটন, ফরহাদ রাব্বানী সুমন, আব্দুল কুদ্দুস, আব্দুল ওয়াহেদ তালুকদার,হুমায়ূন কবির, মাহবুবুল আলম বাবুল, আব্দুল মোমিন শাহিনসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উপজেলা নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।







