ময়মনসিংহের ভালুকায় প্রায় ২০০ ফুট উচ্চতার একটি নবনির্মিত উচ্চ ভোল্টেজের বিদ্যুতের টাওয়ারের চূড়ায় উঠে পড়েন মো. সাগর মিয়া (৩৩) নামের এক যুবক। প্রায় সাত ঘণ্টার শ্বাসরুদ্ধকর অভিযানের পর তাকে অক্ষত অবস্থায় নিচে নামিয়ে আনে ফায়ার সার্ভিস ও পুলিশ।
রোববার (৩০ আগস্ট) সকাল সাতটার দিকে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের পাড়াগাঁও (গাংগাটিয়া) এলাকায় এ ঘটনা ঘটে। উদ্ধার হওয়া মো. সাগর মিয়া ময়মনসিংহের নান্দাইল উপজেলার উত্তর তারাপাশা গ্রামের মৃত জনাব আলীর ছেলে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে স্থানীয় কৃষকেরা নিজেদের জমিতে কাজ করার সময় দেখতে পান, এক যুবক নবনির্মিত উচ্চ ভোল্টেজের বিদ্যুতের টাওয়ারের চূড়ায় উঠে ঘোরাঘুরি করছেন। কখনো তিনি শূন্যে শুয়ে-বসে হাত নাড়িয়ে মজা করছিলেন। প্রায় ২০০ ফুট উঁচু টাওয়ারের চূড়ায় যুবকের এমন কর্মকাণ্ড দেখে স্থানীয়রা ভালুকা ফায়ার সার্ভিস ও মডেল থানায় খবর দেন।
পরে স্থানীয়দের সহযোগিতায় ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস ও পুলিশ। দীর্ঘ সময় ধরে বিভিন্ন কৌশল প্রয়োগ করে বিকেল ৩টা ১৫ মিনিটের দিকে সাগরকে নিরাপদে নিচে নামিয়ে আনা হয়। পরে তাকে পুলিশ হেফাজতে রাখা হয়।
স্থানীয় বাসিন্দা মো. হারুন মিয়া ও জুয়েল মিয়া বলেন, জমিতে কাজ করার সময় আমরা দেখতে পাই, এক যুবক বিদ্যুতের প্রায় ২০০ ফুট উঁচু টাওয়ারে উঠে অবলীলায় ঘোরাঘুরি করছেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তারা এসে যুবককে নিচে নামিয়ে আনেন।
ভালুকা মডেল থানার এসআই সবুজ মিয়া বলেন, লাইনটিতে নতুন তার টানা হলেও এখনো বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়নি। তবে বড় ধরনের দুর্ঘটনা বা পড়ে যাওয়ার ঝুঁকি মনে করে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেন। পরে ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ সময় বিভিন্ন কৌশল প্রয়োগ করে বিকেল ৩টা ১৫ মিনিটে ওই যুবককে নিচে নামানো হয়।
এসআই সবুজ মিয়া আরও বলেন, প্রাথমিকভাবে ওই যুবককে মানসিক ভারসাম্যহীন বলে মনে হয়েছে। তাকে থানা হেফাজতে রাখা হয়েছে। পরিবারের লোকজন এলে তাদের কাছে হস্তান্তর করা হবে।







