বেতন গ্রেড অবনমন ও পদোন্নতির ক্ষেত্রে নতুন শর্ত আরোপের প্রতিবাদে ময়মনসিংহে কর্মবিরতি পালন করেছে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের সর্বস্থরের কর্মকর্তা কর্মচারিরা। বুধবার নগরীর খাগডহর বিএডিসি কার্যালয়ের সামনে সকাল ১০টা থেকে বেলা ১২ টা পর্যন্ত সব ধরনের দাপ্তরিক কাজ বন্ধ রেখে কর্মসূচিতে অংশগ্রহণ করে।
এতে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন জেলার যুগ্ম পরিচালক রিয়াজুল ইসলাম টুটুল, নির্বাহী প্রকৌশলী খাদিজা আফরোজ, উপপরিচালক, লায়লা আক্তার, আসিফ ইকবাল সাকি, মো. ফারুকুল ইসলাম, উপপরিচালক (বীজ বিপনন) ড. মো. দিদারুল আমিন, উপপরিচালক (উদ্যান) সাজিয়া আফরিন খান মজলিশ, মো. নাজমুল হকসহ অন্যান্য কর্মকর্তা কর্মচারিরা উপস্থিত ছিলেন।
আন্দোলনকারিরা জানান, সম্প্রতি অর্থ বিভাগের এক আদেশে বিএডিসির বিভিন্ন উইংয়ের ৩৮টি ক্যাডার পদের বেতন গ্রেড ও নিয়োগযোগ্যতা পুনর্নির্ধারণ করা হয়েছে। এতে মহাব্যবস্থাপকসহ প্রতিষ্ঠানটির অধিকাংশ পদের বেতনগ্রেড এক ধাপ করে কমানো হয়েছে। একই সঙ্গে পদোন্নতির ক্ষেত্রে জ্যেষ্ঠতার চাকরির মেয়াদও বাড়ানো হয়েছে। এই নতুন আদেশে দীর্ঘদিন ধরে প্রচলিত পদ মর্যাদা ও বেতন গ্রেডের অবনমন করা হয়েছে। এতে কর্মকর্তাদের পদোন্নতির সুযোগও সংকুচিত হবে। এ সিদ্ধান্ত জাতীয় বেতন স্কেলের সঙ্গে সাংঘর্ষিক। অর্থ বিভাগের এই নতুন আদেশ বাতিল এবং আগের বেতনগ্রেড ও পদোন্নতির সুযোগ পুনর্বাহাল করা না হলে আগামী সপ্তাহ থেকে দেশব্যাপী আরও কঠোর কর্মসূচি দেয়া হবে বলেও জানান তারা।






