ময়মনসিংহ বিভাগের একমাত্র গফরগাঁও উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে গণিত শিক্ষাকে আনন্দময় করে তোলার লক্ষ্যে আয়োজিত “ ম্যাথ ক্যাঙ্গারু বাংলাদেশ-২০২৬” প্রতিযোগিতার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
গত বৃহস্পতিবার (২৫ জুন) বিকালে উপজেলা পরিষদের মওলানা শামছুল হুদা পাঁচবাগী (র.) মিলনায়তনে এই অনুষ্ঠানে আয়োজন করা হয়। গত ২৯ এপ্রিল দিনব্যাপী ম্যাথ ক্যাঙ্গারু বাংলাদেশ-২০২৬” প্রতিযোগিতার প্রায় দুই শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণ করে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গফরগাঁও উপজেলা নির্বাহী অফিসার এন. এম. আবদুল্লাহ-আল- মামুন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতি গফরগাঁও উপজেলা শাখার সভাপতি ও ফজলুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলাউদ্দিন এবং উপজেলা একাডেমিক সুপাভাইজার মোহাম্মদ নাসির উদ্দীন ।
বক্তারা বলেন, বিশ্বের শতাধিক দেশের প্রায় ৬৫ লাখ শিক্ষার্থীর অংশগ্রহণে আয়োজিত ম্যাথ ক্যাঙারু বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় গণিত প্রতিযোগিতা হিসেবে স্বীকৃত ।
২০২৬ সাল থেকে বাংলাদেশের শিক্ষার্থীরা আনুষ্ঠানিকভাবে ম্যাথ ক্যাঙারু প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছে । এর মাধ্যমে দেশের নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মধ্যে গণিত ভিত্তিক চিন্তাশক্তি, সৃজনশীলতা এবং সমস্যা সমাধানের দক্ষতা বিকাশে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হচ্ছে।
উক্ত প্রতিযোগিতার আয়োজক আন্তর্জাতিক সদস্যপদ প্রাপ্ত বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক এবং স্থানীয় আয়োজক হিসেবে গফরগাঁও উপজেলার শিক্ষার্থীদেরকে গণিত চর্চায় উদ্ধুদ্ধ করতে এই প্রতিযোগিতার আয়োজন করে কিউরিয়াস ফোটন সায়েন্স ল্যাব।
উক্ত প্রতিযোগিতায় মশাখালী বহুমূখী উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী মো: ফাহাদ বেঞ্জামিন ক্যাটাগরি থেকে গোল্ড এবং হাতিখলা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী রুকসানা পারভীন ঈশিকা ক্যাডেট ক্যাটাগরি থেকে সিলভার পদক অর্জন করে ।
এছাড়াও বিভিন্ন ক্যাটাগরি থেকে মোট ১২ জন শিক্ষার্থী মেডেল ও আন্তর্জাতিক মানের সার্টিফিকেট অর্জন করে।




