তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি’র আন্তরিক প্রচেষ্টায় ময়মনসিংহের নান্দাইল উপজেলার ২৮ জন জটিল রোগে আক্রান্ত অসহায় রোগী পাচ্ছেন ২৮ লক্ষ টাকার সরকারি আর্থিক সহায়তা। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ‘চিকিৎসা সহায়তা কার্যক্রমের’ আওতায় এই অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে।
জানা গেছে, ক্যান্সার, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ, থ্যালাসেমিয়া এবং লিভার সিরোসিসের মতো ব্যয়বহুল ও মরণব্যাধিতে আক্রান্ত নান্দাইলের ২৮ জন রোগীকে এই তালিকার অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রত্যেক রোগীকে এককালীন ১ লাখ টাকার চেক প্রদান করা হবে। ২০২৬-২০২৭ অর্থবছরের প্রথম কিস্তিতে এই অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। সারাদেশে মোট ১২১.৮৬ কোটি টাকা বরাদ্দের অংশ হিসেবে নান্দাইলের এই রোগীরা বিশেষ অগ্রাধিকার পেয়েছেন স্থানীয় সংসদ সদস্য ও তথ্য প্রতিমন্ত্রীর তৎপরতায়।
উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোহাম্মদ মিজানুল ইসলাম আকন্দ জানান, সরকারি নীতিমালা ও স্বচ্ছতা বজায় রেখে এই অর্থ বিতরণ করা হবে। অনুদানপ্রাপ্ত রোগীদের যাবতীয় তথ্য ও টেস্ট রিপোর্ট সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ‘ইন্টিগ্রেটেড ডিজিটাল সার্ভিস ডেলিভারি প্ল্যাটফর্মে’ (ওউঝউচ) এন্ট্রি করা হয়েছে। খুব শীঘ্রই আনুষ্ঠানিকভাবে এই টাকা উপকারভোগীদের হাতে তুলে দেওয়া হবে।
নান্দাইল উপজেলা বিএনপি’র সদস্য সচিব এনামুল কাদির জানান, নান্দাইলের অবহেলিত ও দরিদ্র মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে তথ্য প্রতিমন্ত্রী নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বিশেষ করে যারা অর্থাভাবে উন্নত চিকিৎসা নিতে পারছিলেন না তাদের জন্য এই অনুদান আর্শীবাদ স্বরূপ। এই আর্থিক সহায়তার ফলে জটিল রোগে আক্রান্ত নিম্নবিত্ত পরিবারগুলো এখন নতুন করে বাঁচার স্বপ্ন দেখছেন।
নান্দাইল উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক মিজানুর রহমান লিটন জানান, বিএনপি সরকার দেশ ও জনগণের কল্যাণে কাজ করে তাই মরণব্যাধি রোগীদের কথা চিন্তা করে প্রতি রোগীর জন্য ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ টাকা করে অর্থ সহায়তা প্রদান করছে। নান্দাইলে ২৮ লাখ টাকা বরাদ্দ দেওয়ার জন্য তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর প্রতি নান্দাইলবাসী কৃতজ্ঞ বলেও জানান তিনি।






