ময়মনসিংহের নান্দাইল উপজেলাবাসীর স্বাস্থ্যসেবার মান বাড়াতে এক যুগান্তকারী পদক্ষেপ নেওয়া হয়েছে। নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ৫০ শয্যা থেকে ১০১ শয্যায় উন্নীতকরণের আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হয়েছে।
গতকাল রবিবার এক সরকারি আদেশে এই তথ্য নিশ্চিত করা হয়। জানা গেছে, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপির পাঠানো পত্রের (ডিও লেটার) প্রেক্ষিতে এই অনুমোদন দেয় সংশ্লিষ্ট মন্ত্রণালয়। প্রতিমন্ত্রী তাঁর নির্বাচনী এলাকা নান্দাইল (ময়মনসিংহ-৯) আসনের সাধারণ মানুষের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে স্বাস্থ্য কমপ্লেক্সটির শয্যা সংখ্যা বৃদ্ধির জন্য ডিও লেটার প্রদান করেছিলেন।
নান্দাইল একটি অবহেলিত উপজেলা হওয়ায় এতদিন জটিল চিকিৎসার জন্য রোগীদের ময়মনসিংহ বা ঢাকায় যেতে হতো। এতে গরিব ও অসহায় মানুষদের চরম ভোগান্তি পোহাতে হতো। এই শয্যা বৃদ্ধির ফলে স্থানীয় জনগণের চিকিৎসার জন্য অর্থনৈতিক সাশ্রয় হবে এবং এলাকার মানুষ বাড়ির কাছেই উন্নত সুচিকিৎসা পাবেন।
এ বিষয়ে নান্দাইলের মানবাধিকার কর্মী ও সিনিয়র সাংবাদিক প্রেস ক্লাব সভাপতি এনামুল হক বাবুল বলেন, ‘এই দাবি ছিল দীর্ঘ দিনের। অবশেষে মাননীয় প্রতিমন্ত্রীর হস্তক্ষেপে তা ত্বরিতগতিতে হয়েছে।
এ জন্য নান্দাইলের স্বাস্থ্যসেবার মান উন্নয়নে এই যুগান্তকারী পদক্ষেপের জন্য মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে নান্দাইলবাসী। শয্যা সংখ্যা বৃদ্ধির এই অনুমোদনে পুরো উপজেলা জুড়ে সাধারণ মানুষের মাঝে আনন্দের জোয়ার বইছে।







