টাইমস প্রতিবেদক
স্কুলে আধুনিক চেয়ার-টেবিল, দৃষ্টিনন্দন ভবন কিংবা উন্নত অবকাঠামো থাকলেই শিক্ষা ব্যবস্থার প্রকৃত মান নিশ্চিত হয় না—এমন মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন। তিনি বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফল নিশ্চিত করতে হলে পাঠদানের গুণগত মান, নিয়মিত তদারকি এবং অভিভাবক-শিক্ষকের সমন্বয় অপরিহার্য।
শনিবার (২৫ এপ্রিল ২০২৬) ময়মনসিংহের গৌরীপুর উপজেলার পাছার উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, সরকার দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে আধুনিক অবকাঠামো নির্মাণ ও উন্নয়নে কাজ করছে। তবে এই উন্নয়নের সুফল পেতে হলে শিক্ষকদের আরও দায়িত্বশীল হতে হবে। শিক্ষার্থীদের ভালো ফলাফল নিশ্চিত করা শিক্ষকদের নৈতিক দায়িত্ব বলেও তিনি উল্লেখ করেন। তিনি আরও বলেন, সন্তানকে বিদ্যালয়ে পাঠানো ও শিক্ষার সুযোগ তৈরি করা অভিভাবকদের দায়িত্ব। আর সেই শিক্ষার্থীদের সুশিক্ষিত করে গড়ে তোলার দায়িত্ব শিক্ষকদের ওপরই বর্তায়। এই দায়িত্ব পালনে ব্যর্থ হলে সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনা হবে।
শিক্ষকদের উদ্দেশ্যে সতর্কবার্তা দিয়ে প্রতিমন্ত্রী বলেন, গৌরীপুরে পাশের হার বৃদ্ধি এবং শিক্ষার মানোন্নয়ন নিশ্চিত করতে হবে। আগামী বছরে ফলাফল সন্তোষজনক না হলে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি শিক্ষার মানোন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
গৌরীপুর উপজেলা বিএনপির সদস্য আবুল খায়েরের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া আমিন পাপ্পা, সহকারী কমিশনার (ভূমি) সুনন্দা সরকার প্রমা, ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি ও গৌরীপুর উপজেলা বিএনপির সিনিয়র সদস্য অ্যাডভোকেট মো. নূরুল হকসহ অন্যান্য নেতৃবৃন্দ।এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হাবিবুল ইসলাম খান শহীদ, যুগ্ম আহ্বায়ক আব্দুস সোবহান সুলতান ও আলহাজ্ব আব্দুর রহমান বাবুল, পৌর বিএনপির আহ্বায়ক আলী আকবর আনিস, পাছার উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফজলুল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক ও শিক্ষার্থীরা।





