ঢাকা-ময়মনসিংহে রেলপথের সুতিয়াখালিতে রেললাইনে উঠে পড়া বরযাত্রীর গাড়ী ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ার ঘটনা ঘটেছে| তবে এতে কেউ হতাহত হয়নি| ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি আকতার হোসেন বরযাত্রীর গাড়ী ট্রেনের ধাক্কা ছিটকে পড়ার খবর নিশ্চিত করেছেন|
মঙ্গলবার (১৬ জুন) দুপুর পৌনে দুইটার দিকে নগরীর সুতিয়াখালি রেলক্রসিং এলাকায় ঢাকা থেকে ময়মনসিংহগামী জামালপুর এক্সপ্রেস ট্রেনের সাথে এ সংঘর্ষের ঘটনা ঘটে|
তিনি বলেন, ঢাকা-ময়মনসিংহে রেলপথে নগরীর সুতিয়াখালি এলাকায় একটি অনুমোদনবিহীন রেলক্রসিং আছে| বরযাত্রীর একটি প্রাইভেটকার ওই রেলক্রসিং পারাপারের সময় ঢাকা থেকে ছেড়ে জামালপুরগামী জামালপুর এক্সপ্রেস ট্রেনটি প্রাইভেটকারটিকে ধাক্কা দেয়| এতে প্রাইভেটকারটি ছিটকে পাশের ধান ক্ষেতে পড়ে যায়| প্রাইভেটকারের সামনের অংশ ক্ষতিগ্রস্থ হলেও কেউ হতাহত হয়নি| ট্রেনটি যথারীতি ময়মনসিংহ স্টেশনে চলে আসে| তবে প্রাইভেটকারের সাথে ধাক্কায় ট্রেনের কোন ক্ষতি হয়নি| ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি|




