ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষায় পাশের হার ৫১.৪৪ শতাংশ। এবার ময়মনসিংহ শিক্ষা বোর্ডের পাঁচটি প্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী পাশ করেছে এবং ১৯ টি শিক্ষা প্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছে। তবে অকৃতকার্যদের মধ্যে গণিত, হিসাব বিজ্ঞান এবং ইংরেজি বিষয়ে পাশ নাম্বার পায়নি অধিকাংশ শিক্ষার্থী।
শতভাগ পাশ পাঁচটি কলেজ
ময়মনসিংহ শিক্ষা বোর্ডের পাঁচটি প্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী পাশ করেছে। এরমধ্যে ময়মনসিংহ জেলা চারটি এবং জামালপুর জেলার একটি প্রতিষ্ঠান রয়েছে। কলেজগুলো হলো, ময়মনসিংহ জেলার কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ, ময়মনসিংহ সিটি কলেজ এবং জামালপুর জেলার ইউনাইটেড পাবলিক স্কুল এন্ড কলেজ।
শতভাগ অকৃতকার্জ ১৯টি কলেজ
ময়মনসিংহ শিক্ষা বোর্ডের ১৯ টি শিক্ষা প্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছে। এরমধ্যে ময়মনসিংহ জেলার সাতটি, নেত্রকোনা জেলার ছয়টি, জামালপুর জেলার চারটি ও শেরপুর জেলার দু’টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার বাঘাইতলা আদর্শ উচ্চ বিদ্যালয়, ঈশ্বরগঞ্জ উপজেলার কোনাপাড়া হাই স্কুল এন্ড কলেজ ও চরজিথর উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ, নান্দাইল উপজেলার বরিল্লা কে. এ. হাই স্কুল এন্ড কলেজ ও অ্যাডভোকেট আব্দুল হাই কলেজ, ত্রিশাল উপজেলার আউলিয়ানগর কলেজ, তারাকান্দা উপজেলার এইচ. এ ডিজিটাল কলেজ, নেত্রকোনা জেলার ভাষা সৈনিক আবুল হোসেন কলেজ, কেন্দুয়া উপজেলার গোপালপুর মডেল কলেজ, পূর্বধলা উপজেলার খলিশাপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, জোবায়দা জহুর উদ্দিন সরকার মহিলা কলেজ ও অ্যামবিশান মডেল কলেজ, কলমাকান্দা মহিলা কলেজ, জামালপুর জেলার শ্রীপুর কুমারিয়া নাছুবা হাকিম বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, এস.এম শিখা মোখলেছুর রহমান কলেজ, ইসলামপুর উপজেলার গোয়ালেরচর উচ্চ বিদ্যালয়, মাদারগঞ্জ উপজেলার নব্যচর হাই স্কুল এন্ড কলেজ এবং শেরপুর জেলার মন্মথ দে মহাবিদ্যালয়, ঝিনাইগাতির আলহাজ্ব এস.এম.এ ওয়ারেজ নাইম মডেল কলেজ।
ময়মনসিংহ শিক্ষা বোর্ডে এবার ১১৩টি কেন্দ্রে অনুষ্ঠিত পরীক্ষায় ৩১৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ৭০ হাজার ৬৭৩ জন শিক্ষার্থী অংশগ্রহন করে। বিজ্ঞান বিভাগে ৭৫ দশমিক ৫৬ শতাংশ শিক্ষার্থী পাশ করলেও মানবিকে ৪৫ শতাংশ এবং ব্যবসায় শিক্ষায় ৪২ দশমিক ৭২ শতাংশ শিক্ষার্থী পাশ করে।
জেলা ভিত্তিক পাশের হারের পরিসংখ্যানে ময়মনসিংহ জেলায় সর্বোচ্চ ৫৯ দশমিক ৩৩ শতাংশ, নেত্রকোণায় ৪৩ দশমিক ৯১ শতাংশ, শেরপুরে ৪৫ দশমিক ৬৫ শতাংশ এবং সর্বনিম্ন নেত্রকোণায় ৪৩ দশমিক ৯১ শতাংশ শিক্ষার্থী পাশ করেছে।
শনিবার সকালে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর মো. এনামুল হক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান। এসময় পরীক্ষা নিয়ন্ত্রক মো. শাহাদত উল্লাহ, উপ পরীক্ষা নিয়ন্ত্রক ড. আ খ ম কামাল হোসেন, কলেজ পরিদর্শক এস এম আরিফুর রহমান সহ বোর্ডের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক শাহাদত উল্লাহ বলেন, ইংরেজি ও হিসাববিজ্ঞান বিষয়ে তুলনামূলক বেশি শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। সামগ্রিক ফলাফলে এর প্রভাব পড়েছে। তিনি আরও জানান, শতভাগ অকৃতকার্য হওয়া প্রতিষ্ঠানগুলোর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে বোর্ড।







