সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, রেল যোগাযোগ উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার| তিনি বলেন, রেলওয়ের লাইন, সিস্টেম ও প্ল্যাটফর্ম ব্যবহার করে শুধু লোকোমোটিভ ও কোচ পরিচালনায় বেসরকারি বিনিয়োগে উৎসাহিত করার ব্যাপারে সরকারের চিন্তাভাবনা রয়েছে| বেসরকারি বিনিয়োগ বাস্তবায়ন করা গেলে লোকোমোটিভ এবং কোচ আমদানির সময় সংক্ষিপ্ত করা সম্ভব হবে| এ সঙ্কট উত্তরণের জন্য রেলের সমস্যাগুলো দূর করতে আরও দুই বছর সময় প্রয়োজন বলেও জানান তিনি| আজ বৃহস্পতিবার সকালে ময়মনসিংহ রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে সিটি কর্পোরেশনের হলরুমে অনুষ্ঠিত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় সভায় তিনি এসব কথা বলেন|
সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী আরও জানান, ময়মনসিংহের রেল যোগাযোগ উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার| ঢাকা-ময়মনসিংহ রুটসহ সারা বাংলাদেশে ডুয়েলগেজ ডাবল রেললাইন, ঢাকার সাথে নতুন একটি আন্তনগর ট্রেন চালু করা, ময়মনসিংহ স্টেশনের আধুনিকায়ন ও রিমডেলিং, যানজট নিরসনে লেভেল ক্রসিংগুলোর আধুনিকায়ন, বন্ধ লোকাল ট্রেন চালুকরনের বিষয়ে উদ্যোগ গ্রহণ, ইঞ্জিন সঙ্কট দূরীকরণসহ যাত্রীসেবার মান বৃদ্ধি করার বিষয়টি পরিকল্পনায় রয়েছে| ভবিষ্যতে এসব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে রেল যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তন আসবে বলে আশা প্রকাশ করেন তিনি|
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান রোকনের সভাপতিত্বে মতবিনিময় সভায় ময়মনসিংহ-৪ সদর আসনের জাতীয় সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, ময়মনসিংহ-৫ মুক্তাগাছা আসনের জাতীয় সংসদ সদস্য জাকির হোসেন বাবলুসহ সিটি কর্পোরেশনের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন|
গতরাতে রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিবের সঙ্গে ময়মনসিংহ সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে| সার্কিট হাউজে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ময়মনসিংহ নগরীর চলমান ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা, সড়ক যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন, যানজট নিরসন, নগর অবকাঠামো উন্নয়ন, নাগরিক সেবা সম্প্রসারণ এবং জনদুর্ভোগ কমানোর বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়| এছাড়াও নগরবাসীর জীবনমান উন্নয়ন ও একটি আধুনিক, পরিচ্ছন্ন এবং বাসযোগ্য শহর গড়ে তোলার লক্ষ্যে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়|





