রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৫.৭।
রোববার (৭ জুন) রাত ১১টা ৩৬ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়।
শুধু বাংলাদেশেই নয়; এ সময় একইসাথে দক্ষিণ এশিয়ার অন্তত পাঁচ দেশে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়।
অ্যান্ড্রয়েড আর্থকোয়েক অ্যালার্ট সিস্টেমের তথ্যমতে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল প্রতিবেশী দেশ ভুটানের পুনাখা থেকে মাত্র ৭ কিলোমিটার দূরে।
ভুটানে ভূমিকম্পটির মূল কেন্দ্রবিন্দু হলেও এর প্রভাবে কেঁপে উঠেছে বাংলাদেশ, নেপাল, ভারত, ভুটান এবং চীন।
বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা জানিয়েছেন, রংপুর বিভাগে ভূমিকম্প সবচেয়ে বেশি অনুভূত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে কোন বিপর্যয়ের খবর পাওয়া যায়নি।





