ময়মনসিংহের গফরগাঁও পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়নে প্রথম পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দ্বিতীয় সেশন অনুষ্ঠিত হবে।
বুধবার (১০ জুন) দুপুরে গফরগাঁও পৌরসভার কার্যালয়ে এ পরামর্শ সভায় সভাপতিত্ব করেন গফরগাঁও উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক এন এম আব্দুল্লাহ-আল-মামুন। পরামর্শ সভায় মূল প্রজেক্ট উপস্থাপন করেন পিডিআরসি’র প্রধান নির্বাহী অফিসার সারোয়ার হোসেইন।
পৌর কর নির্ধারক মো: হাবিবুর রহমানের সঞ্চালনায় পরামর্শ সভায় আলোচনা অংশ নেন, গফরগাঁও পৌর নির্বাহী কর্মকর্তা আরিফ আকন্দ, পৌর নির্বাহী প্রকৌশলী মো: মিজানুর রহমান, বিএনপির নেতৃবৃন্দের মধ্যে শেখ মোহাম্মদ ইসহাক, মো: ফজলুল হক ও শাহ আব্দুল্লাহ আল মামুন।
এছাড়াও পৌরবাসীর অংশীজন হিসেবে আরো বক্তব্য রাখেন সাংবাদিক সাব্বির কামাল, মতিউর রহমান, মোফাজ্জল আনসারী, প্রভাষক আরশাদ আসাদ প্রমুখ।
সভাপতির বক্তব্যে এন এম আব্দুল্লাহ-আল-মামুন বলেন, ‘এটি প্রথম শ্রেণির একটি পৌরসভা। অথচ এখানে হাজারো সমস্যা রয়েছে যা সমাধানের জন্য পৌর নাগরিকদের সহযোগিতা একান্ত কাম্য, আপনারা আমাকে সহযোগিতা করেন আমি সমস্যা সমাধানে চেষ্টা করবো।’





