জুলাই সনদ বাস্তবায়ন অধ্যাদেশ ‘ফ্রড অন দ্য কনস্টিটিউশন’ বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, ‘অর্ডিন্যান্স দিয়ে সংবিধান পরিবর্তন করা যায় না।’
শুক্রবার সকালে খুলনায় আইনজীবীদের সংবর্ধনা ও নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ সময় ১৭৪ জন নবীন আইনজীবীদের যোগদান ও আইনজীবী সমিতির নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা দেওয়া হয়।
আইনমন্ত্রী তার বক্তব্যে বলেন, ‘প্রধানমন্ত্রী স্পষ্ট ভাবে বলেছেন আমরা জুলাই সনদ বাস্তবায়নের জন্য ঐক্যবদ্ধ। তবে দেশের স্বার্থে বিএনপি কিছু বিষয়ে নোট অব ডিসেন্ট দিয়েছে। যা বিএনপির নির্বাচনী ইশতেহারে ছিল। বিএনপি এখন তা বাস্তবায়ন করছে। মনে রাখতে হবে অর্ডিন্যান্স দিয়ে সংবিধান পরিবর্তন করা যায় না।’ তিনি যোগ করেন, ‘জুলাই সনদকে বৈধতা দেওয়ার জন্য যে গণভোট অধ্যাদেশ দেওয়া হয়েছে- সেটিও অবৈধ।’
জেলা আইনজীবী সমিতির সভাপতি মোল্লা মোহাম্মদ মাসুদ রশিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মশিউর রহমান নান্নুর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, সংসদ সদস্য আমির এজাজ খান ও জাহাঙ্গীর হোসেন হেলাল, জেলা প্রশাসক হুরে জান্নাত এবং সিনিয়র জেলা ও দায়রা জজ চাঁদ মোহাম্মদ আব্দুল আলীম আল রাজী।
এ সময় আইনজীবীদের কল্যাণে ১৮ লাখ টাকা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে খুলনার আইনজীবীরা আইনমন্ত্রীর কাছে আধুনিক ভবন, কল্যাণ তহবিল, সব সাব-রেজিস্টারদের ঘুষ, দুর্নীতি ও সম্পত্তির হিসাবের তদন্তসহ নানা দাবি তুলে ধরেন।





