ময়মনসিংহে নির্মাণাধীন একটি বহুতল ভবন থেকে পড়ে দুজন নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। বুধবার (১৭ জুন) বিকাল ৫টার দিকে নগরীর কলেজ রোড এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত দুজনের মধ্যে একজনের নাম মাসুদ রানা (৩০)। তিনি চাপাইনবাবগঞ্জের বাসিন্দা। অপরজনের পরিচয় শনাক্তের চেষ্টা করছে পুলিশ।
কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, কলেজ রোড এলাকায় একটি বহুতল ভবনের লিফট স্থাপনের কাজ করছিল কয়েকজন শ্রমিক। এ সময় দুই শ্রমিক আটতলা থেকে নিচে পড়ে যায়। পরে ভবনের অন্য শ্রমিকরা তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ভবন মালিক মো. বেলাল বলেন, ভবন নির্মাণের জন্য কন্ট্রাক্টরকে প্রয়োজনীয় সামগ্রী দেওয়া হয়েছে। তিনিই শ্রমিক নিয়ে এসেছেন। এ ঘটনায় আমার কোনো গাফিলতি নেই।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ হাসপাতালের মর্গে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।




