ময়মনসিংহ নগরীকে আরও পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত রাখতে সিটি কর্পোরেশনের উদ্যোগে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ময়লা-আবর্জনা নির্দিষ্ট স্থানে রাখার জন্য ড্রাম স্থাপন করা হয়েছে| গতকাল ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকনের নির্দেশনায় টাউনহল মোড়, জিলাস্কুল মোড়, কাচিঝুলি মোড়, হামিদউদ্দিন রোডের মাথা, নতুনবাজার মোড়সহ নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ময়লার ড্রাম স্থাপন করা হয়|

সিটি কর্পোরেশন সূত্রে জানা যায়, যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলা নিরুৎসাহিত করা এবং নগরীর পরিবেশ পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে| ড্রামগুলো ব্যবহারের মাধ্যমে সাধারণ মানুষ সহজেই নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলতে পারবেন, ফলে সড়ক ও জনসমাগমস্থলে ময়লা ছড়িয়ে পড়ার প্রবণতা কমবে|

নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ জানিয়েছে, পরিচ্ছন্ন নগর গঠনে সকলের সচেতন অংশগ্রহণ প্রয়োজন| নির্ধারিত ড্রাম ব্যবহার করে বর্জ্য ব্যবস্থাপনায় সহযোগিতা করলে একটি সুন্দর, পরিচ্ছন্ন ও বাসযোগ্য ময়মনসিংহ গড়ে তোলা সম্ভব হবে|





