ময়মনসিংহের নান্দাইলে এক সন্তানের জননীকে ধর্ষণচেষ্টার অভিযোগে আজিজুল নামে এক ব্যক্তির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ভুক্তভোগী ওই নারী পরিবার নিয়ে গত তিন মাস ধরে আজিজুলের বাসায় ভাড়া থাকছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত বুধবার (১৫ জুলাই) সকালে বাড়িওয়ালা আজিজুল ওই নারীকে কৌশলে নিজের রুমে ডেকে নিয়ে দরজা আটকে দেন। এরপর পোশাক টেনে-হিঁচড়ে ধর্ষণের চেষ্টা চালায়। ধস্তাধস্তির একপর্যায়ে ব্যর্থ হয়ে আজিজুল তাকে মারধর শুরু করলে ভুক্তভোগীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসেন। এ সময় অভিযুক্ত আজিজুল পালিয়ে যায়।
থানায় অভিযোগ দেওয়ার পর থেকেই আজিজুল মামলা তুলে নিতে ভুক্তভোগী পরিবারটিকে খুন ও মিথ্যা মামলার হুমকি দিচ্ছে বলে জানা গেছে। ফলে বর্তমানে স্বামী-সন্তান নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন ওই নারী। ঘটনার পর থেকে অভিযুক্ত আজিজুলের মোবাইল বন্ধ রয়েছে।
এলাকাবাসী জানান, আজিজুল একজন চিহ্নিত মাদক কারবারি এবং তার বিরুদ্ধে নান্দাইল মডেল থানায় একাধিক মাদক মামলা রয়েছে। ইতোপূর্বে তিনি এক নারীকে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে ধর্ষণ করেছিল। পূর্বের কোনো বিচার না হওয়ায় তিনি একের পর এক অপরাধ করে পার পেয়ে যাচ্ছে। অবিলম্বে এই লম্পট মাদক কারবারিকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।
নন্দাইল মডেল থানার পরিদর্শক (তদন্ত) মুজাহিদুল ইসলাম বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।







