ময়মনসিংহ সদর উপজেলা ও সিটি কর্পোরেশন এলাকার বিভিন্ন প্রতিষ্ঠানের উন্নয়ন প্রকল্পে ময়মনসিংহ জেলা পরিষদের অর্থায়নে ২০২৬-২৭ অর্থবছরের এডিপি সাধারণ খাতের আওতায় বরাদ্দকৃত অর্থের চেক বিতরণ করা হয়েছে।

আজ দুপুরে ময়মনসিংহ জেলা পরিষদের সম্মেলন কক্ষে উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ, বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক রোকনুজ্জামান সরকার রোকন।

বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ কামরুল হুদা, নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা দাস। বরাদ্দ প্রাপ্ত প্রতিষ্ঠানের পক্ষে অনন্যা হাউজিং জামে মসজিদ ও ইসলামিক সেন্টারের সাখাওয়াত হোসেন, জামিয়া আশরাফিয়া মাদ্রাসার আবদুর রব, এডভান্স মডেল কলেজের আবদুর রাজ্জাক, বায়তুল আমান জামে মসজিদের মনজুরুল হক প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে বিভিন্ন উন্নয়ন প্রকল্প কমিটির সভাপতি, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধি, জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে আবু ওয়াহাব আকন্দ বলেন, স্বচ্ছতা ও জবাবদিহি বজায় রেখে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার জনগণের চাহিদা মেটাতে জনকল্যাণে কাজ করছে।

বিশেষ অতিথির বক্তব্যে সিটি প্রশাসক ভঙ্গুর অর্থনীতির মধ্যেও প্রধানমন্ত্রী তারেক রহমান অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিক্ষা, ধর্মীয়, সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে অর্থনৈতিক সহযোগিতা দিয়ে যাচ্ছে।

সভাপতির বক্তব্যে সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, জেলা পরিষদের অর্থ জনগণের অর্থ। তাই এই অর্থ ব্যয়ের ক্ষেত্রে সর্বোচ্চ স্বচ্ছতা, জবাবদিহি ও জনকল্যাণকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। তিনি বলেন, “ফ্যাসিবাদের ধ্বংসস্তূপ থেকে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে পুনর্গঠনের ঐতিহাসিক যাত্রা শুরু হয়েছে। এই মহতী দায়িত্ব শুধু সরকারের নয়—এটি আমাদের সবার দায়িত্ব। দল-মত, শ্রেণি-পেশা ও ব্যক্তি-স্বার্থের ঊর্ধ্বে উঠে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে রাষ্ট্র পুনর্গঠনের এই জাতীয় কর্মযজ্ঞে যার যার অবস্থান থেকে সর্বশক্তি দিয়ে সহযোগিতা করতে হবে।
পরে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে সংশ্লিষ্ট উন্নয়ন প্রকল্পের বরাদ্দকৃত অর্থের চেক তুলে দেওয়া হয়।







