বিজ্ঞানমনস্ক, দক্ষ ও উদ্ভাবনী প্রজন্ম গড়ে তোলার প্রত্যয়ে ময়মনসিংহ জেলা প্রশাসন আয়োজিত বিজ্ঞান অলিম্পিয়াড ‘ডিসি’স সায়েন্স ট্যালেন্ট হান্ট-২০২৬’-এর জেলা পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতা শনিবার সকালে নগরীর প্রিমিয়ার আইডিয়াল হাইস্কুল অনুষ্ঠিত হয়েছে।

জেলার ১৪টি উপজেলা থেকে আগত জুনিয়র (৮ম-১০ম) ও সিনিয়র (একাদশ-দ্বাদশ) গ্রুপের সেরা ০৫ জন করে প্রতিযোগী এ চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৪ সদর আসনের জাতীয় সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।

ময়মনসিংহের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ সোহেল রানা সিদ্দিকী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) লুৎফুন নাহার, ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল ইসলাম।

বিশেষ আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন ময়মনসিংহ বোসন সাইন্স ক্লাবের সাধারণ সম্পাদক ফেরদৌস সাগর।

প্রতিযোগিতা শেষে জুনিয়র ও সিনিয়র -উভয় গ্রুপের সেরা পাঁচজন প্রতিযোগীকে পুরস্কৃত করা হয়। পাশাপাশি বিজ্ঞানচর্চার সঙ্গে পরিবেশ সচেতনতার সমন্বয় ঘটাতে সকল অংশগ্রহণকারী শিক্ষার্থীর হাতে একটি করে গাছের চারা উপহার দেওয়া হয়।

জেলা প্রশাসনের এ আয়োজন শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা ও পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।







