ময়মনসিংহে নগরীর কলেজ রোড রেলক্রসিং এ দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। এতে জামালপুর- ঢাকা রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। বুধবার (১০ জুন) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হয়নি।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন জানান, বুধবার সকালে দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। সকাল সাড়ে ৯টার দিকে ময়মনসিংহ নগরীর কলেজরোড এলাকায় রেলক্রসিং পর্যন্ত আসতেই ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। এসময় থেকেই জামালপুর- ঢাকা রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

ময়মনসিংহ স্টেশনের স্টেশন সুপার আব্দুল্লাহ আল হারুন জানান, খবর পেয়ে রিলিফ কল করা হয়েছে। কেওয়াটখালি লোকোশেড থেকে রেলওয়ের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌছেছে। উদ্ধারকারী ট্রেন সামনের ৫টি বগি টেনে ময়মনসিংহ স্টেশনে নেওয়া হয়েছে। লাইনচ্যুত বগি রেললাইনে উদ্ধার করার চেষ্টা চলছে। দ্রুততম সময়ের মাঝে ওই রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে বলে বলে জানান তিনি।





