ময়মনসিংহ বিভাগ ও আশপাশের ১২ জেলার প্রায় তিন কোটি মানুষের উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এক হাজার শয্যার আধুনিক জেলা সদর হাসপাতাল স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে হাসপাতালটি প্রতিষ্ঠার প্রশাসনিক ও নীতিগত পর্যালোচনা শুরু করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
বুধবার (২২ জুলাই) স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব (হাসপাতাল) এ এন এম মঈনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এক নীতিগত পর্যালোচনা সভায় বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় ময়মনসিংহের সিভিল সার্জনকে হাসপাতালটির প্রয়োজনীয়তা, যৌক্তিকতা ও সম্ভাব্য বাস্তবায়ন পরিকল্পনা উপস্থাপনের নির্দেশ দেয়া হয়।
ময়মনসিংহ মেডিক্যালের ওপর তিন কোটির মানুষের চাপ
বর্তমানে ময়মনসিংহ জেলা ও সিটি করপোরেশন এলাকায় প্রায় ৮০ লাখ মানুষ বসবাস করলেও, বাস্তবে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের ওপর নির্ভরশীল মানুষের সংখ্যা প্রায় তিন কোটি। ময়মনসিংহ বিভাগের চার জেলার পাশাপাশি টাঙ্গাইল, কিশোরগঞ্জ, গাজীপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, সিরাজগঞ্জ, সুনামগঞ্জ ও হবিগঞ্জসহ অন্তত ১২ জেলার রোগীরা চিকিৎসার জন্য এখানে আসেন।
কিন্তু দেশের বেশির ভাগ জেলায় পৃথক জেলা সদর হাসপাতাল থাকলেও বিভাগীয় শহর ময়মনসিংহে এখনো কোনো স্বতন্ত্র জেলা সদর হাসপাতাল নেই। ফলে সাধারণ রোগী থেকে শুরু করে জটিল রোগী—সবাইকে একই হাসপাতালে চিকিৎসা নিতে হচ্ছে। এতে বছরের পর বছর ধরে বাড়ছে রোগীর চাপ।
শয্যা সঙ্কটে নাজুক স্বাস্থ্যব্যবস্থা
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, বাংলাদেশে প্রতি ১০ হাজার মানুষের বিপরীতে হাসপাতালের শয্যা রয়েছে গড়ে নয় দশমিক ২৫টি। অথচ ময়মনসিংহ জেলায় এ সংখ্যা মাত্র দুই দশমিক ৬৩টি। আর হাসপাতালটির ওপর নির্ভরশীল প্রায় তিন কোটি মানুষের হিসাব ধরলে শয্যার হার নেমে আসে মাত্র ০.৫২-এ, যা দেশের অন্যতম নিম্ন হার।
১৯৬২ সালে ৩০০ শয্যা নিয়ে যাত্রা শুরু করা ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল বর্তমানে এক হাজার শয্যায় উন্নীত হলেও প্রতিদিন সেখানে অনুমোদিত শয্যার কয়েকগুণ বেশি রোগী ভর্তি থাকেন। অনেক রোগীকে মেঝে, বারান্দা ও করিডোরে চিকিৎসা নিতে হয়।
২০২৫ সালের তথ্য অনুযায়ী, কোনো কোনো মাসে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৩২ হাজার ছাড়িয়ে যায়। একই সময়ে বহির্বিভাগে চিকিৎসা নেন এ লাখ ১৬ হাজারের বেশি মানুষ। এনআইসিইউ ও শিশু বিভাগেও ধারণক্ষমতার কয়েকগুণ বেশি রোগী চিকিৎসা নিচ্ছে।
যে সুবিধা থাকবে নতুন হাসপাতালে
প্রস্তাবিত এক হাজার শয্যার হাসপাতালটিতে থাকবে—৫০ শয্যার আইসিইউ, ৫০ শয্যার সিসিইউ, ৫০ শয্যার ডায়ালাইসিস ইউনিট, এনআইসিইউ ও পিআইসিইউ, ১০ শয্যার ট্রমা ও জরুরি বিভাগ, প্রসূতি ও শিশু স্বাস্থ্যসেবা ইউনিট, আইসোলেশন ইউনিট, ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি), কৈশোরবান্ধব স্বাস্থ্যসেবা কেন্দ্র, ভ্যাকসিনেশন হাব, আধুনিক ডায়াগনস্টিক হাব। যেখানে স্বল্প খরচে সিটি স্ক্যান, এমআরআই ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা থাকবে। এর ফলে রোগীদের বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারের ওপর নির্ভরতা কমবে বলে আশা করা হচ্ছে।
দু’টি স্থান বিবেচনায়
হাসপাতাল নির্মাণের জন্য প্রাথমিকভাবে দু’টি সরকারি খাস জমি বিবেচনায় রয়েছে।






