ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মো: আতাউল কিবরিয়াকে বদলি করা হয়েছে| তার স্থলে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসানকে দায়িত্ব দেয়া হয়েছে| এছাড়াও পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার| খবর বাসস|
গতকাল মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা পৃথক তিনটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়| রাষ্ট্রপতির আদেশক্রমে এসব প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ| এই রদবদলে ময়মনসিংহ রেঞ্জ এবং সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) শীর্ষ পদে পরিবর্তন আনা হয়েছে|
ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মো: আতাউল কিবরিয়াকে সিআইডি’র ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে| খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসানকে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজির দায়িত্ব দেয়া হয়েছে|
অপরদিকে, এসএমপি কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরীকে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি এবং পুলিশ অধিদফতরের ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীমকে এসএমপি’র নতুন কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে| এছাড়াও সিআইডি’র ডিআইজি মিয়া মাসুদ করিমের বদলি আদেশ বাতিল করা হয়েছে|
অন্য এক প্রজ্ঞাপনে অ্যান্টি টেররিজম ইউনিটের পুলিশ সুপার শরিফ উদ্দিন আহমেদকে সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি হিসেবে র্যাবে পদায়ন করা হয়েছে|
এছাড়া, শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত ডিআইজি মো: কফিল উদ্দিনকে পুলিশ অধিদফতরের অতিরিক্ত ডিআইজি (চলতি দায়িত্ব) হিসেবে বদলি করা হয়েছে|
পাবনার পুলিশ সুপার (এসপি) মো: ছুফি উল্লাহকে সিআইডি’র বিশেষ পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে, অ্যান্টি টেররিজম ইউনিটের পুলিশ সুপার আবু আশ্রাফকে পাবনা জেলায় নতুন পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে|
পুলিশ স্টাফ কলেজের অতিরিক্ত ডিআইজি নাসিয়ান ওয়াজেদ, পুলিশ অধিদফতরের পুলিশ সুপার আ ফ ম নিজাম উদ্দিন ও এসবি’র বিশেষ পুলিশ সুপার তাহসিন মাসরুফ হোসেন মাসফিকে রংপুর রেঞ্জে সংযুক্ত করা হয়েছে|
এছাড়া রাজশাহীর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের পুলিশ সুপার মোহাম্মদ আশিকুর রহমানকে খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে, সিআইডির পুলিশ সুপার মীর আবু তৌহিদকে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে|
ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার মো: আপেল মাহমুদকে রাজশাহীর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে|






