ময়মনসিংহ জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ে দুই বিএনপি নেতার মধ্যে মারপিটের ঘটনা ঘটেছে| এ ঘটনায় ভাংচুর হয়েছে একটি ফুলের টব| এতে আহত হন জেলা প্রশাসক কার্যালয়ের অফিস সহকারি জনি (৩০)| এ ঘটনায় জেলা প্রশাসন ও সাধারন মানুষ মধ্যে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে|
রোববার (৭ জুন) বিকাল সাড়ে ৫টার দিকে এই মারপিটের ঘটনা ঘটে|
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় জেলা প্রশাসকের কক্ষ থেকে বের হচ্ছিলেন গৌরীপুর উপজেলা বিএনপির বহিস্কৃত সদস্য সচিব হাফেজ আজিজুল হক| একই সময়ে ডিসির কক্ষে প্রবেশ করছিলেন কোতোয়ালি থানা বিএনপির সাবেক সাধারন সম্পাদক তোফাজ্জল হোসেন| এতে দু’জন মুখোমুখি হলে হাফিজ আজিজুলকে ‘বহিস্কৃত এবং ‘দালাল’ বলে গালি দেয় তোফাজ্জল| এ ঘটনায় পাল্টা প্রতিক্রিয়ায় ‘তুই দালাল, তর বাপ দালাল’ বলে তোফাজ্জলকে গালি দেয় হাফেজ আজিজুল| এ সময় দু’জনের মধ্যে হাতাহাতি এবং একে অপরকে চরথাপ্পড়ের ঘটনা ঘটে| এ সময় হাফেজ আজিজুল ডিসির বারান্দায় থাকা ফুলের টব দিয়ে তোফাজ্জলকে আঘাতের চেষ্টা করলে তোফাজ্জলের ধাক্কায় লুটিয়ে পড়েন|
এতে ঘটনাস্থলে উপস্থিত জেলা প্রশাসনের কর্মকর্তাসহ ডিসি’র বডিগার্ড (পুলিশ সদস্য) মো: জাকির হোসেন, অফিস সহকারি জনিসহ উপস্থিত অন্যান্যরা এগিয়ে এসে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে| এতে অফিস সহকারি জনি (৩০) হাতে আঘাতপ্রাপ্ত হয়|
ঘটনার বিষয়ে জানতে চাইলে হাফেজ আজিজুল হক এবং তোফাজ্জল হোসেন দু’জনেই খবরের সত্যতা নিশ্চিত করেছেন|
এ ঘটনায় অসন্তোষ প্রকাশ করে জেলা প্রশাসক (ডিসি) মো: সাইফুর রহমান বলেন, ‘হঠাৎ এ ঘটনার সূত্রপাতে আমিসহ উপস্থিত অন্যরাও কিংকর্তব্যবিমূঢ়| এমন কর্মকান্ড দায়িত্বশীলদের কাছে কাম্য নয়|’
এদিকে বিএনপির দুই নেতার এহেন কর্মকান্ডে বিবৃত বিএনপি নেতারাও| তারা ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তদন্তপূর্বক শাস্তির দাবি জানান|





