ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি প্রাদুর্ভাবের শুরু থেকে হাসপাতালটিতে হাম ও উপসর্গে মৃত শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৪ জনে।
শুক্রবার (১৭ জুলাই) দুপুরে হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মো. মাইনউদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, মারা যাওয়া শিশুটি সাড়ে তিন মাস বয়সী একটি কন্যাশিশু। তার বাড়ি ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায়। হামের পাশাপাশি নিউমোনিয়ায় আক্রান্ত থাকায় তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে এবং চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এদিকে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও ২০ শিশু মমেক হাসপাতালে ভর্তি হয়েছে। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২০ শিশু।
হাসপাতাল সূত্র জানায়, বর্তমানে হাম ও হামের উপসর্গ নিয়ে মমেক হাসপাতালের শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে ৮৭ শিশু। আক্রান্ত শিশুদের অধিকাংশই অল্প বয়সী। তাদের মধ্যে অনেকের নিউমোনিয়াসহ বিভিন্ন জটিলতা থাকায় চিকিৎসকরা নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দিচ্ছেন।
স্বাস্থ্যসংশ্লিষ্টরা শিশুদের সময়মতো টিকা নিশ্চিত করা, জ্বর ও শরীরে র্যাশ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া এবং সংক্রমণ এড়াতে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন।






