নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় মাছ ধরার সময় জেলেদের পাতা জালে আটকা পড়ে অজগর সাপ। পরে সাপটি উদ্ধার করে বৃহস্পতিবার দুপুরে বনে অবমুক্ত করেছে বন বিভাগ।
এর আগে বুধবার দুপুরে কলমাকান্দা উপজেলার খারনৈ ইউনিয়নের সেনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন এলাকায় মাছ ধরার সময় জেলেদের পাতা জালে অজগরটি আটকা পড়ে। পরে স্থানীয় লোকজনের সহায়তায় প্রায় ৮ ফুট লম্বা ও ১১ কেজি ওজনের সাপটিকে নিরাপদে উদ্ধার করে একটি গাছের সঙ্গে বেঁধে রাখা হয়।
খবর ছড়িয়ে পড়লে অজগরটি দেখতে উৎসুক মানুষের ভিড় জমে। খবর পেয়ে বৃহস্পতিবার সকালে কলমাকান্দার লেংগুরা বনবিভাগের বিট কর্মকর্তা মো. সামিউল ইসলাম সিয়ামের নেতৃত্বে বন বিভাগের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় অজগরটি উদ্ধার করেন। পরে সেটিকে নিরাপদে বস্তাবন্দি করে লেংগুরা সীমান্তসংলগ্ন কাঁঠালবাড়ি বনাঞ্চলে অবমুক্ত করা হয়।
সেনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মান্নান বলেন, শিক্ষার্থীদের কাছ থেকে খবর পেয়ে তিনি খারনৈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বন বিভাগের কর্মকর্তাদের বিষয়টি জানান। একই সঙ্গে উপস্থিত লোকজনকে সাপটি না মারার জন্য অনুরোধ করেন।
খারনৈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওবায়দুল হক বলেন, স্থানীয়দের সচেতনতার কারণেই অজগরটি নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের বন্য প্রাণী দেখা গেলে কাউকে ক্ষতি না করে দ্রুত বন বিভাগকে জানাতে তিনি সবার প্রতি আহ্বান জানান।
লেংগুরা বনবিভাগের বিট কর্মকর্তা মো. সামিউল ইসলাম সিয়াম বলেন, উদ্ধার করা অজগরটি সুস্থ অবস্থায় কাঁঠালবাড়ি বনাঞ্চলে অবমুক্ত করা হয়েছে। তিনি বলেন, বন্যপ্রাণী হত্যা দেশের প্রচলিত আইনে দণ্ডনীয় অপরাধ। পরিবেশের প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় বন্যপ্রাণী সংরক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো বন্যপ্রাণী লোকালয়ে দেখা গেলে তা না মেরে দ্রুত বন বিভাগকে খবর দেওয়ার আহ্বান জানান তিনি।






