ময়মনসিংহ সদরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে লাইসেন্স ও মানবিহীন খাদ্য উৎপাদনের অভিযোগে এম ফিড মিলসকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে|
ময়মনসিংহ সদর উপজেলার চর ঈশ্বরদিয়া ইউনিয়নের আলালপুর এলাকায় অবস্থিত এম ফিড মিলস নামক প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে মৎস্য খাদ্য ও পশু খাদ্য আইন ২০১০ লঙ্ঘনের অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে| জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়|

মঙ্গলবার অভিযান পরিচালনা করেন ময়মনসিংহ সদর উপজেলার নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলাম| এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, সদর এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন| প্রাণিসম্পদ কর্মকর্তার কারিগরি সহায়তায় পণ্যের গুণগত মান যাচাই করা হয় এবং নকল লেবেলিং শনাক্ত করা হয়|
প্রাপ্ত অনিয়মের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত মৎস্য খাদ্য ও পশু খাদ্য আইন ২০১০ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করেন| জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে সরকারি কোষাগারে জমা নেওয়া হয়| একই সঙ্গে প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে অবিলম্বে লাইসেন্স গ্রহণ এবং মানসম্মত খাদ্য উৎপাদনের নির্দেশ দেওয়া হয়| নকল লেবেলিং ব্যবহার বন্ধ না করা পর্যন্ত উৎপাদন বন্ধ রাখার কড়া সতর্কতা দেওয়া হয়|
সদর উপজেলার নির্বাহী অফিসার বলেন, “খামারি ও মৎস্য চাষিদের স্বার্থ রক্ষায় সরকার কঠোর অবস্থানে রয়েছে| লাইসেন্সবিহীন ও নিম্নমানের খাদ্য উৎপাদনকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত চলবে| ভোক্তা প্রতারণা ও জন স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে এমন কোনো প্রতিষ্ঠানকে ছাড় দেওয়া হবে না|”
তিনি আরও বলেন, “খামারিদের প্রতি অনুরোধ, খাদ্য কেনার সময় অবশ্যই লাইসেন্স ও মান সনদ যাচাই করে নেবেন| সন্দেহজনক পণ্য দেখলে দ্রুত প্রশাসনকে জানান|”
আলালপুর ও আশপাশের এলাকার খামারিরা এ অভিযানকে স্বাগত জানিয়েছেন| তাদের ভাষ্য, নকল ও নিম্নমানের খাদ্যের কারণে মাছ ও গরু-ছাগলের উৎপাদন ক্ষতিগ্রস্ত হচ্ছিল| প্রশাসনের এ উদ্যোগে প্রতারণা কমবে এবং বাজারে মানসম্মত পণ্যের সরবরাহ নিশ্চিত হবে|
প্রশাসন জানিয়েছে, জেলার বিভিন্ন উপজেলায় ফিড মিল ও খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের ওপর নজরদারি বাড়ানো হয়েছে| নিয়ম না মানা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে|




