তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি বলেছেন, কৃষকরাই দেশের অর্থনীতির চালিকাশক্তি। তাদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত, বাজার ব্যবস্থার উন্নয়ন এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার নিরলসভাবে কাজ করছে।

শুক্রবার বিকেলে তথ্য প্রতিমন্ত্রী ময়মনসিংহের নান্দাইলে শসা চাষিদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন। তিনি বলেন, কৃষকদের যেকোনো সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আন্তরিকভাবে কাজ করতে হবে।
এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, কৃষক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এর আগে প্রতিমন্ত্রী ময়মনসিংহের নান্দাইলে দত্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করছে। তিনি বলেন, সরকার একটি সমৃদ্ধ ও আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে আধুনিক শিক্ষা অবকাঠামো নির্মাণের পাশাপাশি মান সম্পন্ন শিক্ষাকে গুরুত্ব দিচ্ছে।

ইয়াসের খান চৌধুরী বলেন, শিক্ষার্থীদের জন্য উন্নত শিক্ষার পরিবেশ নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। একটি মানসম্মত শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সারাদেশে বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন অব্যাহত রয়েছে। পাশাপাশি, শিক্ষকদের প্রশিক্ষণ এবং প্রয়োজনীয় শিক্ষা উপকরণ সময়মতো বিতরণের উদ্যোগ নেয়া হয়েছে।
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী সকালে ঢাকা থেকে রওনা হয়ে দুপুরে নিজ এলাকা ময়মনসিংহের নান্দাইলে পৌঁছান। সেখানে মোয়াজ্জেমপুর সাহেববাড়ি মসজিদে পবিত্র জুম্মার নামাজ আদায় করেন। নামাজ শেষ তিনি তার পিতা-মাতাসহ পূর্বপুরুদের কবর জিয়ারত করেন।






