ময়মনসিংহের গফরগাঁও পৌর শহরে কলেজছাত্র আশরাফুল আলম রবিনকে (২৩) পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনায় আসামিদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন নিহতের স্বজন, শিক্ষার্থী ও এলাকাবাসী।
রোববার (১৪ জুন) দুপুর ১টার দিকে গফরগাঁও প্রেসক্লাবের সামনে সর্বস্তরের জনগণ ও কলেজ শিক্ষার্থীদের ব্যানারে এই মানববন্ধন আয়োজন করা হয়।
মানববন্ধনে নিহত রবিনের বন্ধুরা, পরিবারের লোকজন, আত্মীয়-স্বজন, সর্বস্তরের মানুষ ও শিক্ষার্থীরা স্বতস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। পরে অংশগ্রহণকারীরা বিক্ষোভ করেন।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন নিহত রবিনের বাবা মোফাজ্জল হোসেন, মা শান্তা বেগম, বড়বোন ফাতেমা আক্তার ঝিনুক, সাবেক পৌর কাউন্সিল আলাল উদ্দিন সুলতান, কলেজ শিক্ষার্থী মাহাফুজ, রিমেল ও ইমিসহ অনেকে।
বক্তারা অভিযোগ করে বলেন, একটি আলোচিত নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় মামলা হলেও এখনো কোনো আসামি গ্রেফতার হয়নি। এতে নিহত রবিনের পরিবার চরম হতাশা ও নিরাপত্তাহীনতায় ভুগছে। তারা অনতিবিলম্বে আসামিদের গ্রেফতার ও বিচারের দাবি জানান।
উল্লেখ্য, সোমবার (৮ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নিজের জন্মদিন পালন করে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন কলেজছাত্র রবিন। এ সময় পৌর শহরের মাজার বাড়ি সড়কে পৌঁছালে পরিকল্পিতভাবে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে নৃশংসভাবে কুপিয়ে আহত করে। পরে রাত সাড়ে ৩টার দিকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রবিন মারা যান।








