ময়মনসিংহের হালুয়াঘাটে ইয়াবা সেবনের ছবি ফেসবুকে ছড়ানোকে কেন্দ্র করে এক যুবককে কুপিয়ে জখম করার মামলায় জুলাইযোদ্ধা ওয়াসেল আহমেদ আজহারকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার হালুয়াঘাট থানার পুলিশ গ্রেপ্তারকৃত আজহারকে আদালতের মাধ্যমে ময়মনসিংহের কারাগারে পাঠায়। গত রোববার রাতে উপজেলার ধুরাইল গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও মামলার সূত্রে জানা যায়, সম্প্রতি ফেসবুকে হালুয়াঘাট উপজেলার ধুরাইল ইউনিয়নের কাওলারা গ্রামের লিটন মিয়ার ইয়াবা সেবনের একটি ছবি ছড়িয়ে পড়ে। এই ঘটনাটি উত্তর ধুরাইল এলাকার এমদাদুল হক মুকুল ঘটিয়েছেন– এমন সন্দেহে তাঁর ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন লিটনের লোকজন। তারা তাঁকে বিভিন্ন সময় হুমকি দিতে থাকেন।
এরই জেরে গত ১৫ জুলাই রাত সাড়ে ১২টার দিকে ফুটবল বিশ্বকাপের ম্যাচ দেখতে ধুরাইল বাজারের একটি দোকানে গেলে মুকুলের ওপর হামলা চালানো হয়। হামলাকারীরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাঁকে প্রথমে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় আহত মুকুলের ছোট ভাই মো. রোকন মিয়া বাদী হয়ে হামলা ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন। এতে ওয়াসেল আহমেদ আজহারসহ চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা একাধিক ব্যক্তিকে আসামি করা হয়।
হালুয়াঘাট থানার ওসি ফেরদৌস আলম জানান, হত্যাচেষ্টা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ওয়াসেল আহমেদ আজহারকে গ্রেপ্তার করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার তদন্ত ও অন্য অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের কার্যক্রম চলমান রয়েছে।







