ময়মনসিংহের নান্দাইল উপজেলার নান্দাইল রোড বাজারে অবস্থিত জনতা ব্যাংক পিএলসি নান্দাইল রোড বাজার শাখা অন্যত্র স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে নান্দাইল রোড বাজার ব্যবসায়ী ও এলাকাবাসীর উদ্যোগে ব্যাংকের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মানবাধিকার কমিশন নান্দাইল উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুলের সভাপতিত্বে এবং গাংগাইল ইউনিয়ন বিএনপির নেতা ও ব্যবসায়ী রিপন মাস্টারের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন বিএনপি নেতা আলী আসলাম ভূইঁয়া, বিএনপি নেতা বাহা উদ্দিন আকন্দ, সাবেক ইউপি সদস্য ও প্রবীণ ব্যবসায়ী শামছুদ্দীন, গাংগাইল ইউনিয়ন যুবদল নেতা ইমামুল হক চন্দন, ইউপি সদস্য নূরুল ইসলাম নূরু, বিএনপি নেতা গোলাপ মিয়া সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, নান্দাইল রোড বাজারের ব্যবসায়ী, কৃষক, চাকরিজীবী ও সাধারণ গ্রাহকদের দীর্ঘদিনের ব্যাংকিং সেবার কেন্দ্র এই শাখাটি। শাখাটি অন্যত্র স্থানান্তর করা হলে গ্রাহক ও স্থানীয় ব্যবসায়ীদের চরম ভোগান্তিতে পড়তে হবে এবং এলাকার অর্থনৈতিক কার্যক্রম ব্যাহত হবে। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে ব্যাংকের গ্রাহক, ব্যবসায়ী এবং বিভিন্ন এলাকার সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন। তারা জনতা ব্যাংক পিএলসি নান্দাইল রোড বাজার শাখা বর্তমান স্থানেই বহাল রাখার দাবি জানান এবং শাখাটি অন্যত্র স্থানান্তরের উদ্যোগ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিরত থাকার আহ্বান জানান।








