ময়মনসিংহের নান্দাইল পৌরসভার অবহেলিত গ্রামীণ জনপদের যোগাযোগ ব্যবস্থাট উন্নয়নে আরও এক ধাপ অগ্রগতি সাধিত হয়েছে। ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় নান্দাইল পৌরসভার বালিয়াপাড়া-ঝালুয়া ভায়া নলাখাল ভায়া দাতারাটিয়া সড়কের নবনির্মিত ৫০০ মিটার অংশের শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার বিকেলে মুষলধারে বৃষ্টির মধ্যে কাদা-পানি মাড়িয়ে সড়কটির ফলক উন্মোচন ও উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এবং ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের জাতীয় সংসদ সদস্য ইয়াসের খান চৌধুরী। বিকেল ৩টায় নামফলক উন্মোচনের মাধ্যমে প্রতিমন্ত্রী সড়কটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

এ সময় স্থানীয় উৎসুক জনতা ও দলীয় নেতাকর্মীরা করতালির মাধ্যমে স্বাগত জানান। দীর্ঘদিনের কর্দমাক্ত ও যাতায়াতের অনুপযোগী এই রাস্তাটি পাকাকরণের ফলে নান্দাইল পৌরসভার কয়েকটি গ্রামের হাজারো মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটল।
উদ্বোধনকালে সংক্ষিপ্ত বক্তব্যে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, "জনগণের দুর্ভোগ লাঘব করাই এই সরকারের মূল লক্ষ্য। নান্দাইলের প্রতিটি আনাচে-কানাচে টেকসই যোগাযোগ অবকাঠামো গড়ে তুলতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আবহাওয়ার প্রতিকূলতা বা বৃষ্টি কোনো কিছুই আমাদের এই উন্নয়ন যাত্রাকে থামিয়ে রাখতে পারবে না।" তিনি চলমান সকল উন্নয়ন কাজ যথাসময়ে ও গুণগত মান বজায় রেখে শেষ করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
সড়ক উদ্বোধনের এই আনন্দঘন মুহূর্তে প্রতিমন্ত্রীর সাথে আরও উপস্থিত ছিলেন নান্দাইল পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম ফকির, সদস্য সচিব রফিকুজ্জামান মনির এবং নান্দাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আজহারুল ইসলাম।
এছাড়াও পৌর বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এই উন্নয়ন কর্মসূচিতে অংশ নেন।
স্থানীয় বাসিন্দারা জানান, এই ৫০০ মিটার সড়কটি সংস্কারের ফলে এখন খুব সহজেই নলাখাল ও দাতারাটিয়া এলাকার মানুষ বালিয়াপাড়া ও ঝালুয়া হয়ে মূল শহরের সাথে যোগাযোগ রক্ষা করতে পারবেন। যা এলাকার অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।







