পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য ময়মনসিংহ গড়ে তোলার লক্ষ্যে ‘ক্লিন ময়মনসিংহ’ কর্মসূচির অংশ হিসেবে ‘ক্লিন সানডে’ কর্মসুচী পালন করেছে ময়মনসিংহ সদর উপজেলা প্রশাসন।
‘যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা’ প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার (২ আগস্ট) সকালে নগরীর হাজী জালাল উদ্দীন উচ্চ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

সদর উপজেলা প্রশাসনের আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এমপি। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুল ইসলাম।
এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, বাংলাদেশ স্কাউটসের সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অভিযান চলাকালে বিদ্যালয় প্রাঙ্গণ ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। পাশাপাশি পরিবেশ সংরক্ষণ, নির্ধারিত স্থানে বর্জ্য ফেলা এবং পরিচ্ছন্নতা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়।
এ সময় এমপি আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ও ইউএনও মো. আরিফুল ইসলাম নিজেরাও ঝাড়ু হাতে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন এবং শিক্ষার্থীদের পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে উদ্বুদ্ধ করেন।

জাতীয় সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এমপি বলেন, “পরিবেশ রক্ষার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা বাড়াতে এবং একটি পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য সদর উপজেলা গড়ে তুলতে উপজেলা প্রশাসনের এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুল ইসলাম বলেন, “পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা শুধু সৌন্দর্য রক্ষার বিষয় নয়; এটি জনস্বাস্থ্য, নিরাপদ জীবনযাপন এবং টেকসই পরিবেশ ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ অংশ। তাই সবাইকে নিজ নিজ অবস্থান থেকে পরিবেশ পরিচ্ছন্ন রাখা, নির্ধারিত স্থানে বর্জ্য ফেলা এবং সবুজায়নে এগিয়ে আসতে হবে।”
কর্মসূচির শেষে প্রধানমন্ত্রী ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণ জাতীয় কর্মসূচির অংশ হিসেবে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন ময়মনসিংহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এমপি। অনুষ্ঠানে উপস্থিত সবাই পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব ময়মনসিংহ গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।







