পরিচ্ছন্নতা, নান্দনিক ও সুন্দর ময়মনসিংহ গড়তে প্রধানমন্ত্রীর নির্দেশনায় ‘ক্লিন ময়মনসিংহ’ প্রোগ্রামের আওতায় 'যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা' স্লোগানকে সামনে রেখে রবিবার (২৬ জুলাই) ময়মনসিংহ জেলা প্রশাসকের সার্বিক তত্ত্বাবধানে স্কুল পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করা হয়েছে|

ময়মনসিংহকে পরিচ্ছন্ন, সবুজ ও নান্দনিক নগর হিসেবে গড়ে তুলতে সকালে পাটগুদাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মহিলা সমিতি উদয়ন উচ্চ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন ময়মনসিংহ জেলা প্রশাসক মো. সাইফুর রহমান| তিনি জেলার সরকারী-বেসরকারী প্রাথমিক বিদ্যালয়, স্কুল,কলেজ মাদ্রাসাসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান কর্মসুচী উদ্বোধন করেন| এ সময় সরকারি উদ্যোগের পাশাপাশি স্কুল কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থী, নাগরিকদের সচেতনতা, দায়িত্ববোধ ও সক্রিয় অংশগ্রহণ ছাড়া পরিচ্ছন্ন ময়মনসিংহ গড়ে তোলা সম্ভব নয় বলেও মন্তব্য করে ময়মনসিংহের জেলা প্রশাসক সাইফুর রহমান বলেন পরিচ্ছন্নতা কোনো একদিনের কর্মসূচি নয়, এটি একটি জীবনাচরণ| এ সময় জেলা প্রশাসক স্কুল শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে নিজে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন|
জেলা প্রশাসক বলেন, স্কুলপড়ুয়া শিক্ষার্থীদের মধ্যে উত্তম পরিচ্ছন্নতাচর্চার মানসিকতা তৈরিতে 'ক্লিন সানডে' প্রোগ্রামের আওতায় এখন থেকে ময়মনসিংহের সকল স্কুল, কলেজ ও মাদ্রাসায় প্রতি রবিবার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে| জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি সমন্বিত কমিটি গঠনের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পরিচ্ছন্নতা কার্যক্রম প্রতিমাসেই মূল্যায়ন করা হবে| পরে এক বা একাধিক প্রতিষ্ঠানকে প্রণোদনার মাধ্যমে পুরস্কৃত করা হবে| সমাজের সকল শ্রেণীর মানুষ যদি এ ধরনের পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণ করে, তবে একটি পরিচ্ছন্ন নগরী গড়ে তোলা সম্ভব| ‘ক্লিন ময়মনসিংহ’ একটি সামাজিক আন্দোলনে পরিণত হোক, যাতে একটি পরিচ্ছন্ন ময়মনসিংহ গড়ে তোলা যায়|
শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা চর্চায় উদ্বুদ্ধ করে জেলা প্রশাসক বলেন, নিজের ঘর যেমন আমরা নিজেরা পরিষ্কার রাখি, তেমনি নিজের স্কুল, স্কুলের আঙ্গিনা, নিজের শহর পরিষ্কার রাখতে উদ্যোগী হতে হবে| প্রতি রবিবার স্কুল পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণ করতে হবে| চকলেটের খোসাসহ ব্যক্তিগত ব্যবহার্য আবর্জনা ডাস্টবিন বা ময়লা ফেলার নির্দিষ্ট স্থানে ফেলতে হবে|
জেলা প্রশাসক উভয় স্কুলের আঙিনা, ভবন, স্কুলকক্ষ পরিষ্কারে শিক্ষার্থীদের নিয়ে নিজে অংশগ্রহণ করেন| শিক্ষার্থীসহ সকলের উদ্দেশ্যে একটি পরিচ্ছন্ন ময়মনসিংহ নগরী গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি| পরিচ্ছন্নতা অভিযান পরিচালনাকালে ময়মনসিংহ বিভাগীয় জেলা তথ্য অফিসের পরিচালক মীর আকরাম উদ্দীন আহম্মদ, উভয় স্কুলের শিক্ষক, অভিভাবকসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন| পরিচ্ছন্নতা কার্যক্রম শেষে জেলা প্রশাসক স্কুলদ্বয়ের আঙিনায় শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপন করেন|







