ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সাত মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার ভোর ৬টার দিকে শিশুটির মৃত্যু হয় বলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান নিশ্চিত করেছেন। তিনি বলেন, শিশুটিকে গত ৮ মে ভর্তি করা হয়েছিল। এ নিয়ে হাসপাতালটিতে হামের উপসর্গ নিয়ে মৃত শিশুর সংখ্যা ২৮ জনে দাঁড়িয়েছে।
ডা. মাইনউদ্দিন খান বলেন, গত ১৭ মার্চ থেকে ১১ মে সকাল ৮টা পর্যন্ত হামের লক্ষণ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ২৪৪ শিশু। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১ হাজার ১২৭ শিশু।
এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৪ শিশু ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে। একই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৩৫ শিশু।
বর্তমানে ৬৪ শয্যার ওয়ার্ডে ৮৯ শিশু চিকিৎসাধীন রয়েছে বলে জানান তিনি।




