ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কয়েকজনকে বাংলাদেশে পুশইনের (অনুপ্রবেশ) চেষ্টা স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় রুখে দিয়েছে বিজিবি।
শনিবার (৬ জুন) বিকেলে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে শুক্রবার দুপুরে বিএসএফ এই পুশইনের চেষ্টা চালায় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
বিজিবির বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩৯ বিজিবির অধীন হালুয়াঘাটের রামচন্দ্রকুড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১১১৮-এর নিকটবর্তী এবং শূন্যরেখা থেকে প্রায় ৪০০ গজ ভারতের অভ্যন্তরে চেরাংপাড়া এলাকায় ৫ থেকে ৬ জন ব্যক্তিকে ভারতের মেঘালয় অঞ্চল থেকে এনে জড়ো করা হয়। এলাকাটি ভারতের ২২ বিএসএফের বাবুরাম বিল ক্যাম্পের আওতাধীন।
বিজিবি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, শুক্রবার জুমার নামাজের সময় কাঁটাতারবিহীন সীমান্ত এলাকা ব্যবহার করে মানবপাচারকারী চক্রের সহায়তায় ওই ব্যক্তিদের বাংলাদেশে পুশইনের পরিকল্পনা করা হচ্ছে। খবর পাওয়ার পরপরই বিজিবি সদস্যরা দ্রুত সীমান্তে সতর্ক অবস্থান নেন। একই সঙ্গে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করা হলে বিএসএফের ওই অপচেষ্টা ব্যর্থ হয়।
বিজিবি আরও জানিয়েছে, সীমান্তে যেকোনো ধরনের পুশইন ঠেকাতে সংশ্লিষ্ট সব বিওপিতে অতিরিক্ত জনবল মোতায়েন করা হয়েছে। পাশাপাশি সম্ভাব্য ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে ২৪ ঘণ্টা টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।
ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ বলেন, সীমান্ত এলাকার গ্রামবাসীদের নিয়ে ইতিমধ্যে জনসচেতনতামূলক সভা আয়োজন করা হচ্ছে। একই সঙ্গে সোর্স নিয়োগের মাধ্যমে ভারতীয় ও বাংলাদেশি দালালদের পরিচয় শনাক্ত করে তাদের গ্রেফতারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।




