ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার গোয়াতলা ইউনিয়নের কাঠাঁলকুশি গ্রামের কথিত মাদককারবারী রিপন মিয়ার বিচার দাবিতে এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

রবিবার বিকেলে গোয়াতলা ইউনিয়নে রঘুরামপুর বাজার এলাকায় আয়োজিত এ মানববন্ধনে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। ঘণ্টাব্যাপী কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ব্যানার, ফেস্টুন ও বিভিন্ন স্লোগানের মাধ্যমে অভিযুক্ত রিপন মিয়ার বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার কারণে সামাজিক পরিবেশ নষ্ট হচ্ছে এবং তরুণ সমাজ বিপথগামী হচ্ছে। তারা বলেন, অভিযুক্তের বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকলেও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে। দ্রুত তদন্ত করে দোষী ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান তারা।
মানববন্ধনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ধর্মীয় নেতৃবৃন্দ, যুবসমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। কর্মসূচি শেষে এলাকাবাসী মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের কার্যকর উদ্যোগ কামনা করেন।







