ময়মনসিংহের গৌরীপুরে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের অভিযানে ৪৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আব্দুস সালাম (৫৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১৪ অক্টোবর) বিকালে গৌরীপুর থানা পুলিশ সংশ্লিষ্ট মাদক মামলার আসামিকে ময়মনসিংহ চীফ জুডিশিয়াল আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে।
এর আগে মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার ভাংনামারী ইউনিয়নের উজান কাশিয়ার চরের বালুরচর এলাকা থেকে গাঁজাসহ এই আসামিকে গ্রেফতার করা হয়।
আসামি আব্দুস সালাম স্থানীয় বাসিন্দা মৃত ছমির উদ্দিনের ছেলে। অভিযোগকালে তার বসতঘর থেকে উদ্ধার করা ৪৮ কেজি গাঁজার আনুমানিক বাজার মূল্য প্রায় সাড়ে ৯ লক্ষ টাকা।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: হাবিবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আল আমিন (৪৫) নামের এক মাদক ব্যবসায়ি দীর্ঘদিন ধরে একটি সিন্ডিকেটের যোগসাজসে ওই এলাকায় মাদক ব্যবসা করে আসছে। সম্প্রতি উদ্ধারকৃত গাঁজাগুলো সে বিক্রির জন্য মজুদ করেছিল। তবে অভিযানকালে চিহ্নিত মাদক ব্যবসায়ি আল আমিন ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। তাকে গ্রেফতার অভিযান চলমান আছে।'
ওসির নেতৃত্বে এই অভিযান পরিচালনা করেন থানার উপসহকারি পরিদর্শক (এএসআই) মো: ফয়েজ আহম্মেদ। তিনি জানান, পুলিশ সুপারের নির্দেশনায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে এই অভিযান চালানো হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে। এছাড়াও মাদক বিরুদ্ধে এধরনের অভিযান নিয়মিত চলবে।








