ঢাকা-ময়মনসিংহ রেলপথের গফরগাঁও উপজেলার মশাখালি স্টেশনের কাছে জামালপুর এক্সপ্রেস ট্রেনের কাপলিং ভেঙে যাওয়ায় প্রায় দুই ঘন্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। এতে ওই রুটে যাত্রী ভোগান্তির শিকার হতে হয়। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা ভুয়াপুরগামী জামালপুর এক্সপ্রেস ট্রেনটি গফরগাঁওয়ের কাওরাইদ ও মশাখালী স্টেশনের মাঝামাঝি শহীদনগর এলাকায় পৌঁছালে ইঞ্জিনের কাপলিং হঠাৎ ভেঙে যায়। এতে ইঞ্জিন থেকে বগি বিচ্ছিন্ন হয়ে পড়ে।
মশাখালী স্টেশন মাস্টার জুন্নুন হাসান খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রেনটি শহীদনগর এলাকায় পৌঁছালে কাপলিং ভেঙে বগি বিচ্ছিন্ন হয়ে যায়। পরে রিলিফ কল করা হলে ময়মনসিংহ থেকে রিলিফ ইঞ্জিন এসে ট্রেনটিকে টেনে নিয়ে যায়। রিলিফ ইঞ্জিন এসে পৌঁছালে বেলা আড়াইটার দিকে ঢাকা-জামালপুর রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে এই ট্রেনটি সহ অন্যান্য ট্রেন বিভিন্ন স্টেশনে আটকে পড়ায় সাময়িকভাবে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে।
স্থানীয়রা জানান, দুর্ঘটনার খবর পেয়ে উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় জমান। ভেঙে যাওয়া কাপলিংয়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল।




