ময়মনসিংহ জেলার নবগঠিত ‘দক্ষিণ গফরগাঁও’ উপজেলার প্রশাসনিক সদর দপ্তর এক প্রান্তে নয়, বরং ভৌগোলিক মধ্যস্থল পাগলা মৌজায় (পাগলা থানা-সংলগ্ন) স্থাপনের দাবি জানিয়েছে ‘দক্ষিণ গফরগাঁও নাগরিক ঐক্য’। সিদ্ধান্ত পরিবর্তন করা না হলে ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধসহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।
মঙ্গলবার (২১ জুলাই) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষে লিখিত বক্তব্য তুলে ধরেন ‘দক্ষিণ গফরগাঁও নাগরিক ঐক্য’-এর আহ্বায়ক মাহবুবুর রহমান ফুরকান।
লিখিত বক্তব্যে বলা হয়, গত ১ জুলাই নিকারের (জাতীয় বাস্তবায়ন, প্রশাসনিক উন্নয়ন ও সমন্বয় কমিটি) সভায় পাগলা থানার আওতাধীন মশাখালী, পাঁচবাগ, পাইথল, উস্তি, লংগাইর, দত্তের বাজার, নিগুয়ারী ও টাংগাব—এই ৮টি ইউনিয়ন নিয়ে ‘দক্ষিণ গফরগাঁও’ নামে নতুন উপজেলা অনুমোদন করা হয়। কিন্তু পরে প্রকাশিত গেজেটে উপজেলা সদর দপ্তর হিসেবে উস্তি ইউনিয়নের নয়াবাড়ী মৌজার নাম উল্লেখ করা হয়েছে।
সংগঠনের নেতাদের অভিযোগ, স্থানীয় সংসদ সদস্য আকতারুজ্জামান বাচ্চুর ব্যক্তিগত ইচ্ছার প্রতিফলন ঘটিয়ে কোনো ধরনের গণশুনানি ছাড়াই জেলা ও উপজেলা প্রশাসন একপেশে প্রতিবেদন দিয়েছে। তারা বলেন, গেজেটে ঘোষিত নয়াবাড়ী মৌজাটি উপজেলার একেবারে এক প্রান্তে অবস্থিত।
সেখানে সদর দপ্তর স্থাপিত হলে নতুন উপজেলার অধিকাংশ বাসিন্দাকে আগের মতোই ৩০ থেকে ৩৫ কিলোমিটার দীর্ঘ পথ পাড়ি দিয়ে প্রশাসনিক সেবা নিতে হবে, যা নতুন উপজেলা গঠনের মূল উদ্দেশের সঙ্গে সাংঘর্ষিক।
সংবাদ সম্মেলনে দাবি করা হয়, পাগলা মৌজাটি উপজেলার আটটি ইউনিয়নের ঠিক মধ্যস্থলে অবস্থিত। সেখানে আগে থেকেই থানা ভবন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক, রেলপথ, বড় বাজার এবং ব্যাংকিংসহ প্রয়োজনীয় সব অবকাঠামো রয়েছে। ফলে স্বল্প সময় ও কম ব্যয়ে সেখানেই উপজেলা সদর দপ্তর স্থাপন করা সম্ভব।
এ ছাড়া নতুন উপজেলার অস্থায়ী কার্যক্রম পরিচালনার জন্য পাগলা থানা-সংলগ্ন এলাকায় অন্তত ২০টি ভবন বিনা ভাড়ায় ব্যবহারের সুযোগ দিতে স্থানীয় বাসিন্দারা সম্মত হয়েছেন বলে জানানো হয়। পাশাপাশি স্থায়ী প্রশাসনিক ভবন নির্মাণের জন্য প্রয়োজনীয় জমিও সরকারের নামে বিনামূল্যে হস্তান্তরের আগ্রহ প্রকাশ করেছেন তারা।
সরকারের প্রতি সদর দপ্তরের স্থান নির্ধারণের সিদ্ধান্তটি পুনর্বিবেচনার আহ্বান জানিয়ে নেতারা হুঁশিয়ারি দেন। এই যৌক্তিক দাবি বাস্তবায়িত না হলে স্থানীয়দের উদ্যোগে ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধসহ কঠোর কর্মসূচি দেওয়া হবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- বৃহত্তর ময়মনসিংহ সাংবাদিক সমিতির যুগ্ম সম্পাদক মোহাম্মদ আকতার হোসেন, ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী বাবুল, জেলা যুবদলের সদস্য জাহাঙ্গীর আলম, নিগুয়ারী ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন প্রধান, ব্যবসায়ী ও বিএনপি নেতা আবু সাঈদ, পাভেল ও শামীম হাসান প্রমুখ।






