বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স ভারতে আশ্রিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে বলেছেন, ‘ডিসেম্বরে নয়, আজই দেশে ফিরে আসুন। বাংলাদেশের জনগণ গণহত্যা ও জনগণের বিরুদ্ধে যুদ্ধ চাপিয়ে দেওয়ার অপরাধে আপনার বিচার করতে উদগ্রীব হয়ে আছে।’
রয়টার্সের সাথে শেখ হাসিনার প্রদত্ত এক সাক্ষাৎকারে দেয়া বক্তব্যের প্রতি ইঙ্গিত করে শুক্রবার বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার যুগলী ইউনিয়নের ঘোষবেড় সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। হালুয়াঘাট উপজেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক শেখ সাদিরের স্মরণে যুগলী ইউনিয়ন কৃষকদল এই আয়োজন করে। উল্লেখ্য, গত ২৩ মে মৃত্যুবরণ করেন শেখ সাদির।
সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে, তখন আওয়ামী লীগ দেশকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্র শুরু করেছে। ডিসেম্বরে দেশে আসার হুংকার সেই ষড়যন্ত্রেরই বহিঃপ্রকাশ। তিনি (হাসিনা) আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। প্রিন্স বলেন, ‘আমরা চাই তিনি আজই দেশে ফিরে এসে আইনের কাছে আত্মসমর্পণ করুন। তবে গণঅভ্যুত্থানে গণহত্যার হুকুমদাতা ও জনগণের বিরুদ্ধে যুদ্ধ চাপিয়ে দেওয়া হাসিনাদের সেই সৎ সাহস নেই। তিনি ভারতের আশ্রয়ে থেকে কেবল তাঁর পলাতক কর্মীদের উসকানি দিতে মাঝে মধ্যে হুংকার দেন।
মরহুম কৃষক নেতা শেখ সাদিরের স্মৃতিচারণ করে প্রিন্স বলেন, শেখ সাদির ছিলেন দলের একজন ত্যাগী, নিবেদিতপ্রাণ ও পরীক্ষিত সংগঠক। তিনি কৃষকের ভাগ্য পরিবর্তনের স্বপ্ন দেখতেন। প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর তারেক রহমানের গৃহীত পদক্ষেপের কথা উল্লেখ করে তিনি বলেন, তারেক রহমানের নির্দেশনায় হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলায় কৃষক কার্ড দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। চলতি মাস থেকেই যাচাই-বাছাই শুরু হবে এবং আগামী আগস্ট মাসে প্রকৃত কৃষকদের মাঝে পাইলট প্রকল্প হিসেবে এই কার্ড বিতরণ করা হবে।
বক্তব্যের শেষে তিনি মরহুম শেখ সাদিরের রুহের মাগফিরাত কামনা করেন, শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং উপস্থিত নেতাকর্মীদের শেখ সাদিরের আদর্শ অনুসরণ করে ঐক্যবদ্ধ থেকে দলের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করার আহ্বান জানান।
ইউনিয়ন কৃষকদলের সভাপতি রজব আলী মেম্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবীর,, যুগলী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ক্বারী আবুল কাশেম,ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক আব্দুল জলিল, সাংগঠনিক সম্পাদক সবুজ মিয়া, সহ সভাপতি আল আমিন চমক, মোস্তাফিজুর রহমান,জেলা জাসাস সভাপতি শফিকুল ইসলাম,উপজেলা কৃষকদলের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, উপজেলা তাঁতী দলের আহবায়ক আকিকুল ইসলাম, সদস্য সচিব আলী আজগর , জুগলী ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম।
অনুষ্ঠানে জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিক হোসনে আরা নীলু, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ার বেগম ময়না , বিভাগীয় শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আব্দুল গনি , পৌর ছাত্র দলের সদস্য সচিব তাজবীর হোসেন অন্তর,উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক এম আর আল আমিন, বিএনপি, কৃষকদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং মরহুমের স্ত্রী,সন্তানসহ পরিবারের সদস্যগণ উপস্থিত ছিলেন।
এর আগে এমরান সালেহ প্রিন্সসহ নেতাকর্মীরা ঘোষবেড় সামাজিক কবরস্থানে মরহুম শেখ সাদিরের কবর জিয়ারত করেন এবং মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও মুনাজাত করেন। এসময় মরহুমের ছেলেসহ পরিবারের সদস্যগণ উপস্থিত ছিলেন।





