ময়মনসিংহে আলোচিত রাজীব আহমেদ রুবেল ওরফে কাইল্লা রুবেল হত্যার বিচার দাবিতে সংবাদ সম্মেলন করেছে পরিবারের সদস্যরা| ধর্ষণের মিথ্যা গুজব ছড়িয়ে রুবেলকে খুন করে প্রকৃত ঘটনা আড়ালের চেষ্টা করছে খুনিরা এমন অভিযোগ করেছেন নিহত রুবেলের বাবা, বোন ও স্বজনরা| শনিবার দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে এই দাবি জানান তারা|

লিখিত বক্তব্যে নিহত রুবেলের বোন হালিমা আক্তার বলেন, আসামীরা পূর্ব শত্রুতার জেরে ভাড়া বাসায় রুবেলকে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে ও জবাই করে নৃসংশভাবে হত্যা করে| এই ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য আসামীরা তাদের মা বাড়ির মালিক পারুল আক্তারকে ধর্ষণের মিথ্যা গুজব ছড়াচ্ছে এবং ঘটনাটি ভিন্নখাতে প্রবাহিত করার অপচেষ্টা চালাচ্ছে| তিনি বলেন, আমার ভাই মাদকাসক্ত, তাই এই মাদককে কেন্দ্র করেই এমন নৃসংশ হত্যাকান্ড ঘটিয়েছে আসামীরা| অবিলম্বে আসামীদের গ্রেফতার ও বিচারের দাবি জানান তারা|
নিহত রুবেলে বাবা আব্দুল হামিদ ক্রন্দনজড়িত কন্ঠে বলেন, রুবেল আমার একমাত্র ছেলে| তার স্ত্রী ও দুই শিশু পুত্র নিয়ে আমি কিভাবে চলবো| আমি আমার ছেলের হত্যাকারিদের ফাঁসি চাই|

সংবাদ সম্মেলনে রুবেলের দুই শিশু পুত্র জাহিদুল ইসলাম (৫) ও বায়োজিদ মোস্তাক (৩), বাবা আব্দুল হামিদ, শাশুড়ি মলিকা বেগম, তিন বোন ফাতেমা আক্তার, রুপা আক্তার ও রুমকি আক্তার ছাড়াও স্বজনরা উপস্থিত ছিলেন|
গত ৫ জুলাই ময়মনসিংহ নগরীর রামকৃষ্ণ মিশন রোড ছত্রিশ বাড়ী এলাকায় দিনে দুপুরে রাজীব আহমেদ রুবেল ওরফে কাইল্যা রুবেল (৪০) নামে এক যুবককে ঘরে ঢুকে দিনে দুপুরে জবাই করে হত্যা করে দুবৃর্ত্তরা| এই ঘটনার পরদিন রুবেলের বাবা বাদি হয়ে বাড়ির মালিকের চার ছেলেসহ ১১ জনের নাম উল্লেখ করে কোতোয়ালি মডেল থানায় একটি হত্যা মামলা করে| পরদিন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) রুবেলের বাড়ির মালিক পারুল আক্তারের চার ছেলেকে গ্রেফতার করে|







