ময়মনসিংহের ধোবাউড়ায় চারটি বাজারে অভিযানকালে বিভিন্ন অনিয়মের অভিযোগে সার ব্যবসায়ীদের ৩৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) উপজেলার ধোবাউড়া বাজার, দুধনই বাজার, কলসিন্দুর বাজার ও চারুয়াপাড়া বাজারে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান অনন্যা।
প্রশাসন সূত্রে জানা গেছে, প্রাপ্ত সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে থানা পুলিশের সহায়তায় এ তদারকি অভিযান পরিচালিত হয়। এ সময় হালনাগাদ বিক্রয় রেজিস্টার সংরক্ষণ না করা, সার বিক্রির অনুকূল পরিবেশ না থাকা এবং ভোক্তাদের সাথে অসঙ্গতিপূর্ণ আচরণের প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ব্যবসায়ীদের সতর্কতামূলক এ অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান পরিচালনাকালে ধোবাউড়া উপজেলা কৃষি কর্মকর্তা আতিকুর রহমানসহ স্থানীয় থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। জনস্বার্থে সারের বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের এ ধরনের তদারকি অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।






