ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় ছোট ভাইকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে প্রাণ হারিয়েছে বড় ভাই।
শুক্রবার (৩১ জুলাই) বিকালে উপজেলার বালিপাড়া ইউনিয়নের পাটুলী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন একই গ্রামের বাসিন্দা রিপন মিয়ার দুই ছেলে জোবায়েদ (৮) ও শামিম (৫)।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকালে বাড়ির পাশের একটি পুকুরে মাছ ধরার পর দুই ভাই শরীরের কাদা ধোয়ার জন্য পানিতে নামে। এ সময় ছোট ভাই শামিম হঠাৎ গভীর পানিতে পড়ে তলিয়ে যায়। ভাইকে বাঁচাতে বড় ভাই জোবায়েদ সঙ্গে সঙ্গে পানিতে ঝাঁপ দেয়। কিন্তু সাঁতার না জানায় সেও পানিতে তলিয়ে যায়।
এদিকে দুই শিশুকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে তাদের মা পুকুরপাড়ে এসে একজনকে পানিতে ভাসতে দেখে চিৎকার করলে স্থানীয়রা ছুটে আসেন। পরে তারা দ্রুত পুকুরে নেমে দুই শিশুকে উদ্ধার করে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সাকিব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিকালে পরিবারের সদস্যরা দুই শিশুকে হাসপাতালে নিয়ে আসেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তাদের মৃত্যু হয়েছিল।







