বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই) বর্তমান মহাপরিচালক ড. অনুরাধা ভদ্রকে সরিয়ে দিয়ে নতুন মহাপরিচালক হিসাবে ইনস্টিটিউটের পরিচালক (প্রশাসন ও অর্থ) ড. মো. লতিফুল ইসলামকে নিয়োগ দেয়া হয়েছে|
গতকাল সোমবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নাসরিন চৌধুরী সাক্ষরিত এক অফিস আদেশে এই নিয়োগ প্রদান করা হয়| অপর এক আদেশে বর্তমান মহাপরিচালক ড. অনুরাধা ভদ্রকে মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে নিম্নপদে তাঁকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে|
ইনস্টিটিউটের একাধিক সূত্র বলছেন, ড. অনুরাধা ভদ্র মহাপরিচালকের দায়িত্ব গ্রহণের পর গবেষণায় পরিচালনায় অক্ষমতা, সরকারের নির্দেশনা বাস্তবায়নে অসহযোগিতা, অভ্যন্তরীণ কোন্দল ও প্রতিষ্ঠান পরিচালনায় ব্যর্থতা ও স্থবিরতার অভিযোগ উঠলে তাঁকে বিএফআরআই থেকে সরিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়|
নতুন মহাপরিচালক ড. লতিফুর রহমান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মৎস্য বিজ্ঞান অনুষদ থেকে গ্রাজুয়েট ও মাস্টার্স করেছেন এবং পরবর্তীতে মালয়েশিয়া থেকে মৎস্য বিষয়ে পিএইচডি করেন|
তিনি খুলনার পাইকগাছায় বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের লোনাপানি কেন্দ্রের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তার দায়িত্ব পালনকালে লোনাপানির মৎস্য সম্পদ উন্নয়নে দীর্ঘদিন গবেষণার অভিজ্ঞতা রয়েছে| কিছুদিন আগে তিনি বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের সদর দপ্তরে পরিচালক (প্রশাসন ও অর্থ) হিসেবে যোগদান করে চলতি দায়িত্ব পালন করেন| সোমবার তাঁকে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক (চলতি দায়িত্ব) প্রদান করা হয়েছে| তিনি নাটোর জেলার বাসিন্দা|







