বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ফিশারিজ, বায়োলজি অ্যান্ড জেনেটিক্স বিভাগের অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের অনুমোদনক্রমে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ, ১৯৬১-এর ১১(১) ধারা অনুযায়ী মো. রফিকুল ইসলাম সরদারকে উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে পরবর্তী চার বছর অথবা তার অবসর গ্রহণের তারিখ পর্যন্ত যেটি আগে ঘটে তিনি এ পদে দায়িত্ব পালন করবেন।
নিয়োগের শর্ত অনুযায়ী, তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা এবং বিধি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাকে সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করতে হবে।

মো. রফিকুল ইসলাম সরদার দীর্ঘদিন ধরে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিক্স বিভাগে শিক্ষকতা ও গবেষণার সঙ্গে যুক্ত। মৎস্যসম্পদ গবেষণা ও বিজ্ঞানে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্প্রতি তিনি ‘জাতীয় মৎস্য পদক ২০২৬ (স্বর্ণপদক)’ অর্জন করেন।
এর আগে তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রশাসনিক ও অ্যাকাডেমিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
নতুন উপাচার্য হিসেবে মো. রফিকুল ইসলাম সরদারের নিয়োগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে। সকালে নতুন উপাচার্যকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান কর্মকর্তা ও কর্মচারিরা।
প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম সরদার যশোর জেলার কেশবপুর উপজেলার মঙ্গলকোট গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। তাঁর পিতা বিশিষ্ট শিক্ষাবিদ মরহুম মোঃ মকছেদ আলী সরদার ও মাতা খোদেজা বেগম।
শিক্ষা জীবনে কৃতিত্বের অধিকারী প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম সরদার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদ থেকে ১৯৮৭ সালে বি.এসসি. ইন ফিশারীজ (অনার্স) এবং ১৯৮৮ সালে এম.এসসি. ইন ফিশারীজ বায়োলজি অ্যান্ড লিমনোলজি ডিগ্রি অর্জন করেন। উভয় পরীক্ষায় তিনি ১ম শ্রেণীতে ১ম স্থান অধিকার করেন। ১৯৯৫ সালে স্নাতক শ্রেণীতে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অর্জনের জন্য তিনি 'ইউনিভার্সিটি অ্যাওয়ার্ড' লাভ করেন। তিনি ১৯৯৮ সালে যুক্তরাজ্যের স্টার্লিং বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি ২০০০ সালে জাপানের STA Fellowship-এর আওতায় এবং ২০১২ সালে জার্মানির DAAD Fellowship-এর আওতায় পোস্ট-ডক্টরেট গবেষণা সম্পন্ন করেন।
প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম সরদার ১৯৯১ সালে বাকৃবিতে প্রভাষক হিসেবে যোগদানের মাধ্যমে তাঁর কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে ১৯৯৪ সনে সহকারী প্রফেসর, ২০০০ সনে সহযোগী প্রফেসর এবং ২০০৫ সালে তিনি প্রফেসর পদে উন্নীত হন। পেশাগত জীবনে তিনি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
বর্ণাঢ্য কর্মজীবনের অধিকারী প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম সরদার বাকৃবির মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন, ডিন কাউন্সিলের আহ্বায়ক, ফিশারীজ বায়োলজি অ্যান্ড জেনেটিক্স বিভাগের প্রধান, ফিশ মিউজিয়াম অ্যান্ড জার্মপ্লাজম সেন্টারের পরিচালক এবং ফজলুল হক হলের প্রভোস্ট ও প্রভোস্ট কাউন্সিলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি ২০২৪ সালের ১ ফেব্রুয়ারি থেকে বাকৃবি শিক্ষক সমিতির (BAUTA) সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। এছাড়াও তিনি বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের সিলেকশন কমিটির বিশেষজ্ঞ সদস্য ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কাজের পাশাপাশি বিভিন্ন কমিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এবং এখনও করছেন।







