বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর কর্মকর্তাদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের অর্থায়নে এবং গ্র্যাজুয়েট ট্রেনিং ইন্সটিটিউট (জিটিআই)-এর ব্যবস্থাপনায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ২৯তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন ২৬ জুলাই ২০২৬, রবিবার সকাল ০৯:৩০টায় জিটিআই শ্রেণীকক্ষে অনুষ্ঠিত হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো: হেলাল উদ্দীন এবং ট্রেজারার প্রফেসর ড. হুমায়ুন কবির।

জিটিআই-এর পরিচালক প্রফেসর ড. মো. মোজাম্মেল হকের সভাপতিত্বে এবং লেকচারার আইরিন আক্তার এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ট্রেনিং কোর্সের সিনিয়র কোর্স কো-অর্ডিনেটর প্রফেসর এ.কে.এম. রফিকুল ইসলাম। এছাড়াও বিশেষ অতিথিদ্বয় এবং সভাপতি প্রশিক্ষনার্থীদের উদ্দেশ্যে মূল্যবান বক্তব্য প্রদান করেন।
প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত প্রশিক্ষণে অংশগ্রহণকারী কর্মকর্তাদের শুভেচ্ছা জানিয়ে তাদের পেশাগত উৎকর্ষ সাধনে এ ধরনের প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরেন।
তিনি বলেন, পরিবর্তনশীল বিশ্বে জ্ঞান ও দক্ষতার কোনো বিকল্প নেই। সময়ের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে নিজেকে নিয়মিত হালনাগাদ করতে হলে প্রশিক্ষণ ও ধারাবাহিক শিক্ষার মাধ্যমে দক্ষতা বৃদ্ধি অপরিহার্য। এ ধরনের প্রশিক্ষণ কর্মকর্তাদের কর্মদক্ষতা, উদ্ভাবনী সক্ষমতা এবং সেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি উল্লেখ করেন। এই প্রশিক্ষণের ফলাফল সবার জীবনে বহুমুখী কাজে লাগবে এমন প্রত্যাশা ব্যক্ত করে ভাইস-চ্যান্সেলর উক্ত কোর্সের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
অনুষ্ঠানে প্রশিক্ষনার্থীবৃন্দ ছাড়াও অন্যান্য আমন্ত্রিত শিক্ষক-কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ২৫ দিনব্যপী এই প্রশিক্ষণ কোর্সে বাংলাদেশের ২৪টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২৫জন কর্মকর্তা অংশগ্রহণ করছেন ।







