বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধি এবং প্রশাসনিক কার্যক্রমকে ডিজিটাল ও গতিশীল করার লক্ষ্যে “ডি-নথির ব্যবহার ও বাস্তবায়ন বিষয়ক দক্ষতা উন্নয়ন” শীর্ষক দুই দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই ২০২৬) সকাল ১০টায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. হেলাল উদ্দীন এবং ট্রেজারার প্রফেসর ড. হুমায়ুন কবির। রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) আইসিটি বিভাগের অতিরিক্ত পরিচালক মুহাম্মদ নাজমুল ইসলাম এবং উপ-পরিচালক দ্বিজেন চন্দ্র দাস।
এছাড়া অনুষ্ঠানে আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো. শাহেদ রেজা এবং প্রফেসর ড. মুরাদ আহমেদ ফারুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসি-এর পরিচালক প্রফেসর ড. মো. আসাদুজ্জামান সরকার।
প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া বলেন, ডি-নথির ব্যবহার ও বাস্তবায়ন বিষয়ক এ প্রশিক্ষণের বিষয়বস্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশিক্ষণ শেষে আগামী রোববার থেকে বিশ্ববিদ্যালয়ের সকল সংশ্লিষ্ট দপ্তরে ডি-নথির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে চালু করা হবে। তিনি প্রশিক্ষণে অর্জিত জ্ঞান যথাযথভাবে কাজে লাগিয়ে প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল, স্বচ্ছ ও দক্ষ করার আহ্বান জানান।
উল্লেখ্য, প্রশিক্ষণটি ২৪ জুলাই শুরু হয়ে ২৫ জুলাই ২০২৬ পর্যন্ত দুই দিনব্যাপী অনুষ্ঠিত হবে। এতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সিনিয়র ও মিড-লেভেল পর্যায়ের মোট ১৮ জন কর্মকর্তা অংশগ্রহণ করছেন।







